ডেপ-প্যারাডাইস দাম্পত্যের ইতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৪ বছর একসঙ্গে থাকার পরও শেষ পর্যন্ত সম্পর্কের ইতি টানলেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত হলিউডের অভিনেতা জনি ডেপ এবং তাঁর প্রেমিকা ভ্যানেসা প্যারাডাইস। সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তাঁদের মুখপাত্র। ওই মুখপাত্র জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পৃথক হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন জনি ডেপ এবং ভ্যানেসা প্যারাডাইস। তিনি বলেন, ‘আমরা আশা করছি, তাঁদের ব্যক্তিগত জীবনের প্রতি শ্রদ্ধা দেখাবেন সবাই। বিশেষ করে দুই সন্তান ১৩ বছর বয়সী লিলি-রোজ এবং ১০ বছর বয়সী জ্যাকের কথা বিবেচনা করে ডেপ-প্যারাডাইস সবাইকে অনুরোধ করেছেন যেন তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি করা না হয়।’ এক বছরেরও বেশি সময় ধরে জনসমক্ষে একসঙ্গে দেখা যায়নি ডেপ এবং প্যারাডাইসকে। গত কয়েক মাস ধরেই এই জুটির সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন চলছিল। কিন্তু সম্প্রতি এসব গুঞ্জনকে অস্বীকার করেছিলেন ডেপ। এক খবরে এমনটিই জানিয়েছে পিপল ডটকম।ডেপ বলেছিলেন, ‘এসব গুজব মোটেও সত্য নয়। এ বিষয়ে আমার কথা কেউই বিশ্বাস করতে চাইছেন না। আমি যা বলছি, সবাই তার বিপরীতটাকেই সত্য বলে ধরে নিচ্ছেন।’ ডেপ অস্বীকার করলেও, শেষ পর্যন্ত ডেপ-প্যারাডাইস জুটির সম্পর্ক ভাঙনের সেসব গুঞ্জনই সত্যে প্রমাণিত হলো।