ডেমি মুরের সঙ্গে বিচ্ছেদের আবেদন কুচারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অত্যন্ত দুঃখভারাক্রান্ত মনে সবাইকে জানাচ্ছি, অ্যাস্টনের সঙ্গে ছয় বছরের সংসারজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি আমি।’ এমন এক বিবৃতির মাধ্যমে অ্যাস্টন কুচারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ডেমি মুর। এরপর পেরিয়ে গেছে এক বছরের কিছু বেশি সময়। এই দীর্ঘ সময়ে ডেমি কিংবা কুচারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন করা না হলেও অবশেষে ২১ ডিসেম্বর শুক্রবার লস অ্যাঞ্জেলেস আদালতে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন কুচার।ডেমি মুরের সঙ্গে বিচ্ছেদের কারণ সম্পর্কে আদালতে দাখিল করা কাগজপত্রে কুচার উল্লেখ করেছেন, ব্যক্তিগত মতপার্থক্যের কারণে খাপ খাওয়াতে না পারাই এ বিচ্ছেদের মূল কারণ। কুচার আরও উল্লেখ করেছেন, ডেমির কাছ থেকে কোনো রকম খোরপোশ চান না তিনি এবং ডেমিকে খোরপোশ দিতেও তিনি অস্বীকৃতি জানাচ্ছেন না। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০০৫ সালের সেপ্টেম্বরে ভালোবেসে ঘর বেঁধেছিলেন অ্যাস্টন কুচার ও ডেমি মুর। বয়সে ১৬ বছরের ছোট কুচারকে নিয়ে সুখেই কাটছিল ডেমির জীবন। কিন্তু গত বছর ক্যালিফোর্নিয়ার এক তরুণী দাবি করেন, তাঁর সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন কুচার। মূলত, এর পর থেকেই ডেমি-কুচারের সংসারে অশান্তি নেমে আসে। ২০১১ সালের নভেম্বর মাসে আলাদাভাবে বসবাস শুরু করেন তাঁরা। ডেমির সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী মিলা কুনিসের সঙ্গে প্রণয়ে জড়ান কুচার। অন্যদিকে, প্রখ্যাত মার্কিন চিত্রশিল্পী ও চলচ্চিত্রনির্মাতা জুলিয়ান স্ন্যাবেলের ছেলে ২৬ বছর বয়সী ভিটো স্ন্যাবেলের সঙ্গে গত নভেম্বরে প্রণয়ে জড়িয়েছিলেন ৫০ বছর বয়সী ডেমি। কিন্তু মাত্র এক মাসের মাথায় সম্পর্ক ভেঙে গেছে অসমবয়সী এ জুটির।