ডোভার লেন পেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতরাত্রির তপস্যা যদি হয় বসন্ত, শতরাগে তা প্রস্ফুটিত ডোভার লেন সংগীতায়োজনের নজরুল মঞ্চে। মঞ্চে নেই নজরুলের আবক্ষ মূর্তি, নেই তাঁর বাবরি চুলের দিগন্ত। তাতে কী, তিনজন ওস্তাদ শিল্পী মিলে যখন বাজাচ্ছিলেন—সন্তুরে তরুণ ভট্টাচার্য, বাঁশিতে রনু মজুমদার ও তবলায় স্বপন চৌধুরী তাঁদের সম্মিলিত বাদনে, উঁকি দিচ্ছিলেন নজরুলই। পাহাড়ি ঠুমরি ও ভাটিয়ালির সুর, নিয়ে গেছে তা নজরুলের কাছেই। প্রবেশ করেই সুরের মধ্যে হলাম অবগাহিত। পর পর বিনিদ্র তিনটি রাত।রশিদ খানের ‘যোগে’র সঙ্গে যোগ হলো পিওর রোমান্টিকতা, মিড়ের অববাহিকায় এক স্বরের আত্মসমর্পণ অপরটির মধ্যে। সহশিল্পী মোরাদ আলীর সারেঙ্গির সঙ্গে ওস্তাদ রশিদ খানের কণ্ঠের মিলন উপরি পাওনা। রশিদের খেয়াল যেন ব্যাঘ্রগর্জন, পূর্ণ গাম্ভীর্যে পূর্ণ কর্তৃত্বে খেয়ালের পূর্ণ রূপ প্রকাশিত। ক্লাসিক্যাল ভালোবাসেন যাঁরা, ডোভার লেন মিউজিক কনফারেন্স তাঁদের কাছে পবিত্র উচ্চারণ। ৫৭ বছর আগে ডোভার লেনে পত্তন এই কনফারেন্সের। নামকরা উচ্চাঙ্গসংগীতের শিল্পীরা অনুষ্ঠান করে গেছেন এখানে। ১০টি স্তম্ভশোভিত, ছয়টি ঝরোকায় পুষ্পশোভিত মঞ্চ। দেশ-বিদেশ থেকে ছুটে এসেছেন বোদ্ধা-শ্রোতা, প্রচুর গরম আলোয়ান ও ক্যামেরা কাঁধে ঝুলিয়ে। আমার বয়সে যাঁরা উপনীত তাঁদের দখলে প্রথম পাঁচটি সারি, পদাধিকার বা ন্যায্যমূল্যে সংগৃহীত। মাঝের সারি অপেক্ষাকৃত নবীন আর শেষের ৫০টি সারি সম্পূর্ণ নবীন-নবীনাদের করায়ত্ত। সঙ্গে নিয়ে এসেছেন বালিশ, খাতা, পেনসিল, টেপ রেকর্ডার। এরাই আসল সমঝদার। বাইরে অনেক স্টল, কফি, চা, সিডি, রেকর্ড, বই—সবই আছে। মিউজিক লাভারদের সত্যিকার সমাবেশ।পণ্ডিত মানস চক্রবর্তী পরিবেশন করলেন ‘যোগকোষ’ রাগে প্রথমে একতাল ও পরে সুরফাক্তায়। সহজেই তা মনে করিয়ে দিল পিতা সংগীতাচার্য তারাপদ চক্রবর্তীর অনায়াস কণ্ঠনিঃসৃত বন্দিশ। ‘সাহানা বাহারে’ পরিবেশিত ‘লাগি মন মোরা’-তে মনে হলো বসন্ত এসে আশ্রয় নিয়েছে প্রেক্ষাগৃহে। তিনিই প্রবর্তন করেন ‘অতি বিলম্বিত একতালা’, যার মধ্যে বিস্তার, বেহেলওয়া, বন্দিশ গায়ন, তান সারগাম—সবই। মিষ্টি মধুর তাঁর কণ্ঠ ও প্রক্ষেপ। ‘শিল্পীর মধ্যে শিল্পী শ্রেষ্ঠ’ কেন তা একটি পরিবেশনেই প্রমাণিত। উত্তর ভারতের গুণী সেতারিয়া ও সুর বাহার শিল্পী কুশলদাস আবির্ভূত হলে বুঝলাম কেন তাঁর এত নামডাক। রাগকে বোঝার দৃষ্টি, রাগের সঙ্গে সামনে চলার প্রজ্ঞা ও দর্শক-শ্রেণীকে নতুন কিছু দিয়ে যাওয়ার সূক্ষ্ম বোধ, শিল্পীর তিনটি পরিবেশনায় মূর্ত হলো। যাঁর খেয়াল সবচেয়ে ভালো লেগেছে, তিনি জয়তীর্থ মেভন্দি। বয়সে নবীন এই শিল্পীর জন্ম ১৯৭২-এ, দৃপ্ত ভঙ্গিতে ‘ভূপালি’ রাগে শুরু করলেন ‘তুম বিনা কওন’—প্রেক্ষাগৃহ ভরে গেল তাঁর কণ্ঠসুধায়। তানের বলিষ্ঠতায়, খাঁজকাটা জোয়ারি কণ্ঠের গিটকিরিতে, কোন সঠিক জায়গায় রাগের হাহাকারটি অবস্থিত তার পূর্ণ জ্ঞান, জয়তীর্থকে নিয়ে গেল জয়ের অভিসারে। আগাগোড়া মিষ্টি মেলোডিতে পরের আইটেম বিলম্বিত একতালে ‘সুধকল্যাণ’, মাঝেমধ্যে গমকে পরিপূর্ণ, জোয়ারিতে গম গম প্রতিটি তান বোলতান স্পর্শ করল শ্রোতার মন্দ্রচেতনা। জয়তীর্থের জয় কেন, রাগের চলনটি সে জানে, এর সঙ্গে বাসা বেঁধেছে তার নিজস্ব কিরানা ঘরানার গায়কীর চলন, সহযাত্রী ভাবের মডুলেশন, এ না হলে সুধকল্যাণ জমবে না। ভালো লেগেছে সোমে এসে তবলিয়ার সঙ্গে মিষ্টি চাহনির বিনিময়। জয়তীর্থে এসে মিশেছে কিরানা ঘরানার শ্রেষ্ঠ ফসল। জয়তু জয়তীর্থ! ওস্তাদ আমজাদ আলী খান, বাহাউদ্দিন ডাগর, শুভাদা পারাদকার, শিবকুমার শর্মা, হরিপ্রসাদ চৌরাশিয়া, পদ্মা তালওয়ালকার, মুগ্ধ করে রেখেছিলেন চারটি রাত। এঁদের কথা সবাই জানেন। স্থানাভাবে এবার বলা হলো না। প্রথম রাত নিবেদিত ওস্তাদ আলী আকবর খানের স্মরণে, বাজিয়েছিলেন আলম খান ও আশীষ খান। সম্মেলনে গত বছরে গীত পণ্ডিত অজয় চক্রবর্তী ও শহীদ পারভেজের বাজানো অ্যালবাম সঙ্গে নিয়ে এসেছি। ফেরার পরও যেন ওই সুরের মধ্যেই ডুবে আছি।