ডোভার লেন সংগীত উৎসবে গান করবেন বন্যা
ভারতের ঐতিহ্যবাহী ডোভার লেন সংগীত উৎসবে এবার গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। কলকাতায় চার দিনের এ উৎসব শুরু হবে আগামী ২৩ জানুয়ারি। ভারতের শাস্ত্রীয় সংগীতের প্রখ্যাত সব শিল্পী অংশ নেবেন এ উৎসবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে কথা বলে জানা গেছে, উৎসবের শেষ দিন ২৬ জানুয়ারি সন্ধ্যায় তিনি গান করবেন। গানের সঙ্গে থাকবে সেতার পরিবেশনা। বন্যার সঙ্গে সেতার বাজাবেন কলকাতার শিল্পী পূর্বায়ন চট্টোপাধ্যায়।এবারই প্রথম ডোভার লেন সংগীত উৎসবে গান পরিবেশন করবেন বন্যা। তিনি বলেন, ‘এটা আমার সংগীতজীবনের উল্লেখযোগ্য ঘটনা। ভারতের খ্যাতিমান সব পণ্ডিতব্যক্তিত্বরা এখানে রাতভর সংগীত পরিবেশন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবর্ষ উপলক্ষে আয়োজকেরা এ উৎসবে এবার রবীন্দ্রসংগীত যুক্ত করেছেন। ডোভার লেন কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি তা সানন্দে গ্রহণ করেছি। যেহেতু এটি শাস্ত্রীয় সংগীতের উৎসব, তাই রবীন্দ্রনাথের রাগভিত্তিক গানই করব।’উল্লেখ্য, ব্যক্তিগত কাজে আজ শুক্রবার সকালে ভারতের মুম্বাই গেছেন বন্যা।