ডোভার লেন সংগীত উৎসবে গান গাইবেন বন্যা
ভারতের ঐতিহ্যবাহী ডোভার লেন সংগীত উৎসবে এবার গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। উপমহাদেশে শাস্ত্রীয় সংগীতের অন্যতম বড় এই আসরে বন্যা রবীন্দ্রসংগীত গাইবেন। কলকাতায় চার দিনের এই উৎসব শুরু হবে ২৩ জানুয়ারি। ভারতের শাস্ত্রীয় সংগীতের প্রখ্যাত সব শিল্পীরা অংশ নেবেন এই আয়োজনে।নিজের ব্যক্তিগত কাজে গতকাল শুক্রবার সকালে ভারতের মুম্বাই গেছেন বন্যা। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান, উৎসবের শেষ দিন ২৬ জানুয়ারি সন্ধ্যায় তিনি গান করবেন। তাঁর গানের সঙ্গে থাকবে সেতার পরিবেশন। আর এই সেতার বাজাবেন কলকাতার শিল্পী পূর্বায়ন চট্টোপাধ্যায়।এই আয়োজনে এবারই প্রথম অংশ নিচ্ছেন বন্যা। তিনি বললেন, ‘এটা আমার সংগীতজীবনের উল্লেখযোগ্য ঘটনা। ভারতের খ্যাতিমান সব পণ্ডিত ব্যক্তিত্বরা এখানে রাতভর সংগীত পরিবেশন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত (১৫০তম) জন্মবর্ষ উপলক্ষে এবার এই উৎসবে আয়োজকেরা রবীন্দ্রসংগীত যুক্ত করেছেন। তাঁরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি তা সানন্দে গ্রহণ করেছি।’তিনি আরও বললেন, ‘যেহেতু এটি শাস্ত্রীয় সংগীতের উৎসব, তাই রবীন্দ্রনাথের রাগভিত্তিক গানই করব। মুম্বাইয়ে নিজের কাজের ফাঁকে এ ব্যাপারে একটা প্রস্তুতি নেব। যতটুকু জানতে পেরেছি, ১০-১২টা গান গাওয়ার জন্য আমাকে সময় দেওয়া হবে। আর সব কটি গানের সঙ্গেই থাকবে সেতার।’