ডোমদের নিয়ে তথ্যচিত্র
ডোম সম্প্রদায়ের জীবন ও ইতিহাস নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন সেজান মাহমুদ। নাম লাশকাটা ঘর। গত শনিবার তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হলো মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। অনুষ্ঠানে অতিথি ছিলেন মফিদুল হক, মোরশেদুল ইসলাম ও আনিসুল হক। সেজান মাহমুদ বললেন, ‘২৩ বছর আগে ডোমদের একটি ঘটনা আমার মনে গভীর দাগ কাটে। এ নিয়ে তখন লেখালেখি করেছি। কিন্তু মনে হয়েছে, এ নিয়ে বড় কিছু না করা পর্যন্ত শান্তি পাব না। সেই প্রেরণা থেকেই তথ্যচিত্রটি নির্মাণ করেছি।’মফিদুল হক বললেন, ‘সেজান একজন চিকিৎসক। ডোমদের ঘটনা তাঁর মনে দাগ কেটেছে এবং তা তিনি চলচ্চিত্রে রূপদান করেছেন। এ রকম শুধু সেজানের পক্ষেই সম্ভব।’ মোরশেদুল ইসলাম বললেন, ‘দেশে অনেক বড় নির্মাতা আছেন, কিন্তু ডোমদের মতো অবহেলিতদের নিয়ে কেউ ভাবেননি। সেটি সেজান ভেবেছেন এবং তাঁদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন। এ জন্য তাঁকে সাধুবাদ জানাই।’ আলোচনা শেষে ৪০ মিনিট দৈর্ঘ্যের তথ্যচিত্রটি দেখানো হয়।