ডোয়াইনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড অ্যাকশন হিরোদের নাম নিলে প্রথম সারিতে এখনো তাঁর নাম আসে না। অথচ তিনি শুধু হলিউডের নন, বাস্তব জীবনেও একজন অ্যাকশন হিরো। এই তো কিছু দিন আগে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স ছবির সেটে ছিলেন তিনি। এমন সময় রীতিমতো অস্ত্রে সজ্জিত কিছু চোর হামলা চালায় গাড়ি থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরি করার মতলবে। কিন্তু তারা তোআর জানত না রেসলিংয়ের মঞ্চ কাঁপিয়ে অভিনয়ে নামা সেই হিরো আছেন সেখানে। যা হওয়ার তা-ই হলো। মিনিট কয়েকের সত্যিকারের অ্যাকশন-দৃশ্যের মঞ্চায়নের পর পালিয়ে বাঁচল চোরের দল। বলছি রেসলিংয়ের সেই প্রিয় নাম, রুপালি পর্দা আর বাস্তব—দুই জগতের অ্যাকশন হিরো ‘দ্য রক’-এর কথা।আসল নাম ডোয়াইন ডগলাস জনসন। জন্ম ১৯৭২ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। বাবা রকি জনসন আর নানা পিটার মায়াভিয়া ছিলেন প্রফেশনাল রেসলার। শুধু তা-ই নয়, বংশে রয়েছে আরও বেশ কজন রেসলার। রেসলিং রক্তেই তাই মিশে আছে। ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার ডোয়াইনের রেসলিং রিংয়ে প্রবেশ ১৯৯৬ সালে। বাবা আর নানার নাম মিলিয়ে ‘রকি মায়াভিয়া’ নামে রেসলিংয়ের মঞ্চে নাম লেখালেও একের পর এক শিরোপা জিতে নাম পাল্টে হলেন ‘দ্য রক’। ক্যারিয়ারে মোট ১৭টি চ্যাম্পিয়ানশিপ জয় করেছেন, যার মধ্যে ১০টি হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং সাতটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। কিন্তু হঠাৎ হলিউডের ডাক পেয়ে রেসলিংয়ের সেই যোদ্ধা যেন ভুলেই গেলেন তাঁর আসল মঞ্চকে। তবে হ্যাঁ, বড় পর্দাতেও তাঁকে সেই একই রূপে দেখা গেল। শুরুটা ২০০১ সালের ছবি দ্য মামি রিটার্নস দিয়ে। এই ছবিতে অল্প সময়ের জন্য স্করপিয়ন কিং রূপে তাঁকে দেখা গেলেও পরের বছর ওই একই চরিত্র নিয়ে তৈরি দ্য স্করপিয়ন কিং ছবির নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন ডোয়াইন জনসন। ছবিতে ৫.৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক গ্রহণ করে প্রথমবার কোনো মূল চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা হিসেবে গিনেজ বুকে রেকর্ড করেন ডোয়াইন। এরপর একে একে অভিনয় করেছেন দ্য রান ডাউন, ওয়াকিং টল, বি কুল, ডুম, দ্য গেম প্লান, গেট স্মার্ট, রেস টু উইচ মাউন্টেইন, প্লানেট ৫১, টুথ ফেইরি, ফাস্টার, জার্নি ২, দ্য মিসটিরিয়াস আইল্যান্ড-এর মতো জনপ্রিয় বেশ কিছু ছবিতে।গেল সপ্তাহে মুক্তি পেয়েছে ডোয়াইন অভিনীত পরিচালক জন এম চুর বহুল প্রতীক্ষিত অ্যাকশন ছবি জি.আই.জো রিটেলিয়েশন। ২০০৯ সালের ছবি জি.আই.জো দ্য রাইজ অব কোবরার সিক্যুয়াল এটি। এতে আরও অভিনয় করেছেন ব্রুস উইলিস, চ্যানিং ট্যাটাম, ডি জে কট্রোনা, জোনাথন প্রাইস এবং রে স্টিভেনসনের মতো তারকারা। ছবিতে রয়েছে এক অদূরভবিষ্যতের গল্প। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাছাই করা সব সেরা যোদ্ধাকে একত্র করে তৈরি করা হয়েছে বিশেষ বাহিনী জি.আই.জো। যেকোনো অশুভশক্তির বিরুদ্ধে লড়াই করতে যারা সদা প্রস্তুত। এ পর্বে দেখা যাবে জি.আই.জোরা শুধু চিরশত্রু কোবরার বিরুদ্ধেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে না, উপরন্তু সরকারের ভেতর থাকা হুমকিগুলো যা তাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলছিল, তাদের বিরুদ্ধেও তারা সংগ্রামে অবতীর্ণ হয়েছে। ছবিটি ইতিমধ্যে হলিউড বক্স অফিসের শীর্ষ অবস্থানে উঠে এসেছে। এ ছাড়া এ বছর মুক্তির অপেক্ষায় রয়েছে ডোয়াইন অভিনীত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স, ইমপায়ার স্টেট, পেইন অ্যান্ড গেইন ইত্যাদি ছবি। বর্তমানে কাজ করছেন রাশ আওয়ারখ্যাত ছবির পরিচালক ব্রিট রাটনারের হারকিউলিস-দ্য থ্রেশিয়ান ওয়ার ছবিটিতে। এতে তাঁকে দেখা যাবে গ্রিক পুরাণের হারকিউলিস চরিত্রে। এই ছবিটি মুক্তি পাবে ২০১৪ সালে। হলিউডে পা রেখে ২০০৪ সালে রেসলিং ছেড়ে দিলেও নাড়ির টানে তিনি যেখান থেকে এসেছিলেন, সেখানেই ফিরেছেন একসময়। দীর্ঘ সাত বছর পর ২০১১ সালে রেসলিংয়ের জনপ্রিয় শো ‘রেসল ম্যানিয়া’র মাধ্যমে আবার রেসলিং মঞ্চে ফেরেন দ্য রকখ্যাত ডোয়াইন। তবে রেসলিং করার জন্য নয়, উপস্থাপক হিসেবে।  সাজিদুল হক