ঢাকা আজ উৎসব আর কনসার্টের নগর
বাংলা নববর্ষ উপলক্ষে আজ ঢাকার বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হয়েছে। সকালে রমনায় রবি আয়োজন করেছে বৈশাখী উৎসব। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একই প্রতিষ্ঠানের বাউলমেলায় গান করবেন ৩৫ জন বাউল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও থাকছে তাঁদের বাউল গানের কনসার্ট। দুপুরে এআইইউবির বৈশাখী উল্লাস কনসার্টে গান করবে সোলস, দলছুট, মিলা ও ফুয়াদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈশাখী উৎসবে থাকছে এলআরবি, ওয়ারফেইজ, অর্থহীন, মাকসুদ ও ঢাকা এবং হায়দার হোসেন। থাকছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের মাঠে কনসার্ট। বিকেলে বনানী মাঠে হবে পয়লা বৈশাখ—নকিয়া প্লে গ্রাউন্ড কনসার্ট। এখানে গান করবে এলআরবি, ফিডব্যাক, লালন, আর্টসেল ও ফুয়াদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেনেডি বটতলায় বেঙ্গল মিউজিক আয়োজন করেছে বর্ষবরণ কনসার্ট। কনসার্টে গান করবেন অর্ণব, বাংলা, দীপ্ত, পলাশ, কণা, সিমিন, উপল, শুভ ও যুক্তরাজ্যভিত্তিক ব্যান্ড এমসিডি (মাল্টি কালচারাল দেশি)। এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে রবি।