ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৮০টি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশসহ বিশ্বের ৬১টি দেশের ১৮০টি চলচ্চিত্র। এরই মধ্যে ছবিগুলো চূড়ান্ত করা হয়েছে। ২০১৪ সালের ১০ থেকে ১৮ জানুয়ারি ঢাকায় আয়োজন করা হচ্ছে এই উৎসব।
উৎসবের আয়োজক প্রতিষ্ঠান রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, এবার উৎসবে থাকছে সাতটি বিভাগ। বিভাগগুলো হলো—প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগ, চিলড্রেনস বিভাগ, স্পিরিচুয়াল ফিল্মস, উইমেন ফিল্ম মেকারস সেকশন ও ইনডিপেনডেন্ট ফিল্মস বিভাগ। প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া ও এশিয়ার ২৩টি চলচ্চিত্র। পুরস্কার হিসেবে সেরা চলচ্চিত্রকারের জন্য থাকছে ক্রেস্ট, সনদ ও এক লাখ টাকা। রেট্রোস্পেকটিভ বিভাগে থাকছে ইরানের চলচ্চিত্রকার আসগর ফরহাদির চারটি চলচ্চিত্র এবং ফরাসি চলচ্চিত্রকার অলিভিয়ার আসায়েসের তিনটি চলচ্চিত্র। চিলড্রেনস বিভাগে থাকছে ছয়টি শিশুতোষ চলচ্চিত্র। এই বিভাগ থেকে একটি চলচ্চিত্র ‘বেস্ট জুভেনাইল বাদল রহমান অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হবে। উইমেন ফিল্ম মেকারস সেকশনে নারী নির্মাতাদের নির্মিত ৪১টি চলচ্চিত্র দেখানো হবে। উৎসব উপলক্ষে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের অর্ধশতাধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে থাকবে চলচ্চিত্র নিয়ে আন্তর্জাতিক সেমিনার এবং বিশ্বের নামী চলচ্চিত্রকারদের মুখোমুখি হওয়ার সুযোগ।