ঢাকা আন্তর্জাতিক নাট্য উৎসব

ইডিপাস, সফোক্লিস থেকে কালিদাস, শেক্সপিয়ার, হ্যারল্ড পিন্টার থেকে শম্ভু মিত্র, জিয়া হায়দার—বিশ্ব নাটক থেকে বাংলা নাটক যাঁদের হাত ধরে সহস্র বছর পেরিয়ে বিংশ শতাব্দীতে এসে পৌঁছেছে, সেই মহান মানুষদের কাউকে পাশে রেখে ছবি তোলার সুযোগ মিলছে জাতীয় নাট্যশালার করিডরে। কাল সন্ধ্যায় এই সুযোগটি কাজে লাগাতে দেখা গেল অনেক অগ্রসর দর্শককে। দ্বিতীয় আন্তর্জাতিক নাট্যোৎসবে নাটক মঞ্চায়নের পাশাপাশি আয়োজন করা হয়েছে প্রয়াত বরেণ্য নাট্যব্যক্তিত্বদের প্রতিকৃতি নিয়ে বিশেষ প্রদর্শনী। সেখানেও ছিল নাট্যামোদীদের ভিড়।
‘সহিংসতার বিরুদ্ধে নাটক’ স্লোগানে বৃহস্পতিবার শুরু হয়েছিল উৎসব। প্রথম দিনের উৎসবে কোনো নাট্য প্রদর্শনী ছিল না। গতকাল শুক্রবার ছুটির দিনের সন্ধ্যায় একসঙ্গে একাডেমীর তিনটি হলে মঞ্চস্থ হলো তিনটি নাটক। জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় আরণ্যক নাট্যদলের সাম্প্রতিক প্রযোজনা ভঙ্গবঙ্গ। পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাট্যদল আগন্তুকের নাটক অন্ধকারে মিথেন। স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনা কবি।