ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল মধুসূদন দত্তর কাব্যগ্রন্থ কহে বীরাঙ্গনা মঞ্চায়নের মধ্য দিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব। কাব্যগ্রন্থটি পৌরাণিক নারীদের দুঃখগাথা নিয়ে। প্রিয় মানুষকে লেখা ১১ জন নারীর পত্র রয়েছে এই কাব্যে। এই ১১টি পত্র থেকে চারটি কাব্যকে বাছাই করে নাট্যরূপ দিয়েছে মণিপুর থিয়েটার। পৌরাণিক কাহিনি হলেও এতে উঠে এসেছে ভারতবর্ষীয় নারীর সর্বকালীন হাহাকার, বিরহ-বেদনা। নির্দেশনা দিয়েছেন শুভাশিষ সিনহা।গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী। আইটিআই, বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ইউসুফ।কহে বীরাঙ্গনা নাটকের চারটি পত্রের মধ্যে প্রথমেই ‘দুষ্মন্তের প্রতি শকুন্তলা’। এই পত্রে রাজা দুষ্মন্তের প্রতি প্রতারিত শকুন্তলার হাহাকার ফুটে উঠেছে। দ্বিতীয় পত্র ‘অর্জুনের প্রতি দ্রৌপদী’। অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য প্রবাসে গিয়ে অর্জুন মেতে থাকেন ভোগবিলাসে। এই চিঠিতে উঠে এসেছে স্বামীর প্রতি বঞ্চিতা দ্রৌপদীর তীব্র ক্ষোভ। তৃতীয় চিঠি ‘জয়দ্রথের প্রতি দুঃশলা’। যুদ্ধে লিপ্ত স্বামীর মৃত্যুভয়ে ভীত দুঃশলা স্বামীকে যুদ্ধ থেকে ফেরাতে এই পত্র লেখেন। সর্বশেষ চিঠি ‘নীলধ্বজের প্রতি জনা’। স্বামী নীলধ্বজ পুত্রের খুনির সঙ্গে সন্ধি করলে এই পত্রে স্বামীর প্রতি ঘৃণা, ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করেন পুত্রহারা জননী জনা। পৌরাণিক এই চারটি ভূমিকায় একাই অভিনয় করেন জ্যোতি সিনহা। গতকাল শুধু আমন্ত্রিত অতিথিরা নাটকটি উপভোগ করে।দিনের অপর নাটক মঞ্চায়ন করে সিঙ্গাপুরের বার্ডস থিয়েটার। পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত এই নাটকের নাম শেডস।সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে এ উৎসব আয়োজন করা হচ্ছে। উৎসবে ভারত, নেপাল, সিঙ্গাপুর ও হংকংয়ের পাঁচটি এবং বাংলাদেশের ১৯টিসহ মোট ২৪টি দল নাটক মঞ্চায়ন করবে। ১০ দিনের এ উৎসবে আগামী ৩০ মে পর্যন্ত শিল্পকলা একাডেমীর তিনটি মিলনায়তনে নাটকগুলো মঞ্চস্থ হবে। আজ রোববার মঞ্চস্থ হবে তিনটি নাটক। এর মধ্যে জাতীয় নাট্যশালায় রয়েছে থিয়েটারের নতুন নাটক মুক্তধারা, পরীক্ষণ থিয়েটারে আরণ্যকের ইতি ইয়োকাস্তে এবং টু বি অর নট টু বি এবং স্টুডিও থিয়েটারে থিয়েটার আর্ট ইউনিটের মগজ সমাচার।