ঢাকা আর্ট সামিটে উৎসবমুখর পরিবেশ

শিল্পী আর শিল্পানুরাগী দর্শকদের সমাগমে গতকাল শনিবার সারা দিনই উৎসবমুখর ছিল শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা। গত শুক্রবার থেকে এখানে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ঢাকা আর্ট সামিট। উদ্বোধনী দিনটি ছিল শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। গতকাল দ্বিতীয় দিন থেকে সামিটের প্রদর্শনীগুলো খুলে দেওয়া হয়েছে সবার জন্য। শিল্পকলা একাডেমী ও সামদানি আর্ট ফাউন্ডেশন যৌথভাবে এই সামিটের আয়োজন করেছে।
ঢাকা আর্ট সামিটে দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট শিল্পীদের একক প্রদর্শনী যেমন আছে, তেমনি আছে প্রতিশ্রুতিশীল নবীন শিল্পীদের শিল্পকর্মের যৌথ প্রদর্শনী। আছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৩৩টি গ্যালারির প্রদর্শনী। এ ছাড়া থাকছে বিশ্বের খ্যাতনামা আর্ট মিউজিয়ামের প্রতিনিধি ও শিল্পসমালোচকদের আলোচনা, নিরীক্ষামূলক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী, পারফরম্যান্স আর্টসহ বিভিন্ন কর্মসূচি। আয়োজনটির সহায়তায় রয়েছে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও গোল্ডেন হার্ভেস্ট গ্রুপ।
সামিটে বাংলাদেশ নিয়েও কাজ করেছেন দেশ-বিদেশের খ্যাতিমান শিল্পীরা। তাঁদের মধ্যে আছেন লিদা আবদুল, রানা বেগম, রাথিন বর্মণ, শিল্পা গুপ্ত, রুনা ইসলাম, জিতীশ কাল্লাত, তৈয়েবা বেগম, নাইম মোহাইমেন, মাহবুবুর রহমান, রশীদ রানা, মিঠু সেন, শেরিন শেরপা, শাজিয়া সিকান্দার এবং অসীম ওয়াকিফ। প্রদর্শনীর এই অংশের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় শিল্পী শিল্পা গুপ্তের নতুন শিল্পকর্ম ‘ছিটমহল’। এই শিল্পকর্মের অনুপ্রেরণা হচ্ছে বাংলাদেশ ও ভারতের সীমান্তের মধ্যবর্তী অংশে বসবাসকারি মানুষের জীবনযাত্রা নিয়ে এটি করা হয়েছে। বাঁশের ঝুড়ি দিয়ে বিশাল গুহার আকৃতির একটি স্থাপনা কর্ম করেছেন লন্ডনে বসবাসকারী বাংলাদেশি শিল্পী রানা বেগম।
এ ছাড়া বাংলাদেশের শিল্পী নাজিয়া আন্দালিব করেছেন একটি মজার ভিডিওচিত্র। নাম ‘নিউজ ব্রেক’ সেলফোন আধুনিক মানুষের নিত্যসঙ্গী। প্রতিদিন নানা জনের কাছ থেকে নানা ধরনের ফোন আসে। সেই ফোনগুলো ধরার পর বিভিন্ন প্রতিক্রিয়া হয় মনে। মুখে ফুটে ওঠে সেই অভিব্যক্তি। এই অভিব্যক্তিই ভিডিওতে ধারণ করেছেন তিনি।
গতকাল দ্বিতীয় দিনের কার্যক্রমের মধ্যে আরও ছিল সকালে পারফরম্যান্স আর্ট, দুপুরে শ্রীলা ঘোষের সঞ্চালনায় দক্ষিণ এশিয়ার শিল্পকর্ম নিয়ে আলোচনা ও সন্ধ্যায় নিরীক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শনী।