ঢাকা আর্ট সেন্টারে চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিগুলোর দিকে তাকিয়ে রঙের রাজ্যে হারিয়ে যাওয়া অস্বাভাবিক নয়। অমন একটি ছবি শোবার ঘর কেন, যেকোনো ঘরের পরিবেশ বদলে দিতে পারে। বেশ কিছু ছবির নিচে লাল রঙের ছোপ, পাশে লেখা ‘বিক্রীত’। দেখা হয়ে যায় শিল্পীর সঙ্গে। ৭২ বছর বয়সে প্রথম প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। একটি ছবি বিক্রিও হয়ে গেছে তাঁর। শুরু করেছিলেন ৫৫ বছর বয়সে। মুক্তিযুদ্ধে স্বামীহারা তাহেরা বানুর প্রতিষ্ঠিত সন্তানেরা যখন কাজের সূত্রে দূরে, সময় কাটানোর জন্যই তখন ছবি আঁকা শুরু করেন তিনি। ছেলেবেলায় সেতার শিখেছিলেন কিছুদিন। কিন্তু ওই বয়সে নতুন করে সেটি শুরু করা সম্ভব ছিল না। ছবি আঁকায় আগ্রহ ছিল আর সেটা করাটা সহজও ছিল তাঁর জন্য। এই ছিল ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে সাত শিল্পীর চিত্র প্রদর্শনী ডিফরেন্ট স্ট্রোকসে অংশ নেওয়া একজন শিল্পীর গল্প।
প্রথমবারের মতো প্রদর্শনীতে অংশ নিয়ে দারুণ সাড়া পেয়েছেন শিল্পী নওশিন নাওয়ার। তাঁর ছয়টি ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে। এতে অংশ নেওয়া অন্য শিল্পীরা হলেন নিঘাত খান, তাসিন উল আজম, তাসনিয়া তাসনিম ও আনবির আমিন। গত শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পেইরি মেয়ডন, উপস্থিত ছিলেন অর্থসচিব এ এম এম ফাইজুল্লাহ এনডিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক বেগম শাহনাজ সিনহা।
প্রদর্শনীর আহ্বায়ক শিল্পী আলমগীর কবির জানান, ‘অংশগ্রহণকারী সবাই আমার ছাত্র-ছাত্রী। তাঁদের এ সুযোগ করে দিতে পেরে ভীষণ আনন্দিত আমি।’
ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাঁর নিজের ছবিও এখানে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে বৃহস্পতিবার পর্যন্ত বেলা তিনটা থেকে রাত আটটা।