ঢাকা আর্ট সেন্টারে ভারতের ১৬ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ জন শিল্পী। তাঁরা সবাই কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বাংলাদেশে একত্রে তাঁদের শিল্প প্রদর্শনী হবে—এ চিন্তা বেশ পুরোনো। সেই চিন্তা থেকেই বাংলাদেশে তাঁদের শিল্পকর্মগুলো নিয়ে এসেছেন। সেসব শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে ‘চেঞ্জিং ইমেজেস’ নামে শুরু হয়েছে সাত দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: আদিত্য প্রসাদ মিত্র, আদিপ দত্ত, অনিন্দ্য পণ্ডিত, অতনু বসু, দেবাশিস ভট্টাচার্য, দোলনচাঁপা গাঙ্গুলী, জয়ন্ত নাসকার, কৃষ্ণ বিশ্বাস, নিখিল রঞ্জন পাল, পারজ রায়, পাউলা সেনগুপ্ত, রাজত সেন, সন্দীপ চক্রবর্তী, সহিনী ধর, শ্রেয়াশী চক্রবর্তী ও সুরাজিত্ চন্দ্র। গতকাল বৃহস্পতিবার বিকেলে ১৬ জন শিল্পীর উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন হয়। অনুষ্ঠানে ছিলেন শিল্পী ওয়াকিলুর রহমান, শিশির ভট্টাচার্য্য, মানজারে হাসিনসহ নবীন অনেক শিল্পী। অনুষ্ঠানের শুরুতে শিল্পী শিশির ভট্টাচার্য্য প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য ভারতীয় শিল্পীদের অভিনন্দন জানিয়ে তাঁদের পরিচয় করিয়ে দেন।শিল্পকর্মগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে শিল্পী ওয়াকিলুর রহমান বলেন, ‘এ প্রদর্শনীর মাধ্যমে কলকাতার শিল্পীরা কোন মাধ্যমে আঁকেন, তা সম্পর্কে আমরা পরিচিত হওয়ার একটি সুযোগ পেলাম। এর পাশাপাশি তাঁদের পাশে নিজেদের শিল্পকর্মগুলোকে যাচাই করা যাচ্ছে।’ভয়ানক এক পশু, মুখ মানুষের মুখের মতো। বাইরে থেকেই দেখা যাচ্ছে হাড়গোড়। এলোমেলো গাছের পাতা। গাছের ডাল-পাতা যেন রমণীর কেশ, আর গাছ তার দেহের মতো! একটি ক্যানভাসে তিনজন প্রৌঢ় ব্যক্তির মুখ। বয়ে যাচ্ছে শান্ত শীতল নীল পানির নদী। দুই পাশের সবুজের সমারোহ। এমন অনেক চিত্রকর্ম আছে প্রদর্শনীতে। পাশাপাশি রয়েছে বেশ কিছু ভাস্কর্য। জামদানি ও নকশিকাঁথার ওপর সুই-সুতার কাজ ফুটে তোলা হয়েছে কিছু শিল্পকর্মে। সব মিলিয়ে মোট ৬২টি চিত্রকর্ম ও ছয়টি ভাস্কর্য প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী ১৬ মে পর্যন্ত বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।