ঢাকা আর্ট সেন্টারে রবীন্দ্র চিত্রকলা নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবীন্দ্র চিত্রকলা: স্নায়ুর সারণি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা আর্ট সেন্টার। গতকাল শুক্রবার সন্ধ্যায় সেন্টারের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ছবি সম্পর্কে শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ বলেন, ‘রবীন্দ্রনাথের ছবিতে মানুষ, পশুপাখি, নিসর্গ ও নানা রকম নকশা আছে। তবে মানুষই প্রাধান্য পেয়েছে, বিশেষ করে মানুষের মুখের নানা রকম অভিব্যক্তি। রবীন্দ্র চিত্রকলার নারীরা নীরব এবং পুরুষেরা অপেক্ষাকৃত সরব ও পরিহাসপ্রিয়। তাঁর বেশির ভাগ ছবিতে বিষাদ ও কষ্টের ছাপ আছে। ক্যানভাসে এই বিষাদ ও কষ্ট তিনি ফুটিয়ে তুলেছেন যথাযথ চিত্রভাষায়। তাই বেদনার্ত মানুষের কাছে তাঁর ছবি নিজেরই প্রতিচ্ছবি। আর এ কারণেই রবীন্দ্রনাথের ছবি এখনো প্রাসঙ্গিক।’ এ ছাড়া আলোচক রবীন্দ্রনাথ কখন, কীভাবে ছবি আঁকা শুরু করেন, বিশ্বের নানা চিত্রকরের কর্মের সঙ্গে তাঁর ছবির মিল ও অমিল কোথায়, চিত্রসমালোচকেরা তাঁর ছবি সম্পর্কে কী বলেছেন, নিজের ছবি সম্পর্কে রবীন্দ্রনাথের মূল্যায়ন কেমন ছিল—এসব তথ্য উপস্থাপন করেন। আলোচনার সময় প্রোজেক্টরে একের পর এক ভেসে উঠছিল রবীন্দ্রনাথের আঁকা বিভিন্ন চিত্রকর্ম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থপতি শামসুল ওয়ারেস।