ঢাকা আর্ট সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ধানমন্ডিতে ২০১০ সালের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা আর্ট সেন্টার। লেকের পাশেই মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে এটি। কার্যক্রম শুরুর অল্পদিনের মধ্যেই প্রতিষ্ঠানটি শিল্পরসিকদের কাছে সুপরিচিত হয়ে ওঠে। গতকাল শনিবার উদযাপিত হলো ঢাকা আর্ট সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের মধ্যে ছিল চিত্র প্রদর্শনী, সংগীতানুষ্ঠান, প্রিন্ট মেকিং স্টুডিওর উদ্বোধন ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।বাংলাদেশের ছাপচিত্রের পথিকৃৎ শিল্পী মোহাম্মদ কিবরিয়ার ৮২তম জন্মদিনও ছিল গতকাল। বরেণ্য এই শিল্পীর জন্মদিনকে উপলক্ষ করে নতুন প্রজন্মের শিল্পীদের সহযোগিতার জন্য আর্ট সেন্টারে ‘কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও’ উদ্বোধন করা হয়। বিকেল চারটায় চিত্র প্রদর্শনী ও স্টুডিওর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মিজানুর রহিম ও নাশরিদ কিবরিয়া। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ট্রাস্টি মাহমুদুল হেলাল। শিল্পীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠাটি। এ সময় একটি যৌথ শিল্পকলা প্রদর্শনীরও উদ্বোধন করা হয়। ঢাকা আর্ট সেন্টারের পেইন্টিং স্টুডিওতে কাজের সুযোগ পাওয়া আট নবীন শিল্পীর ৪৫টি শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে ‘এক্সপোজিশন স্টুডিও ওয়ার্ক ২০১০’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। গত বছর ১০১ জন শিল্পীকে নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজন করেছিল ঢাকা আর্ট সেন্টার। এই আট ক্যাম্প ও সেন্টারের কর্মকাণ্ড নিয়ে আনোয়ার চৌধুরী নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র শিল্পশিবিরের কথকতা। বর্ষপূর্তির দিনে এই প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। সন্ধ্যায় ছিল লোকসংগীতশিল্পী চন্দনা মজুমদারের একক গানের আসর। গানে গানে তিনি ঢাকা আর্ট সেন্টারের বর্ষপূর্তির দিনটিকে আনন্দময় করে তোলেন।