ঢাকা আসছেন বরুণ চন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরুণ চন্দ
বরুণ চন্দ

সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ ছবি দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছিলেন কলকাতার অভিনয়শিল্পী বরুণ চন্দ। বাংলাদেশের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে এই শিল্পী আসছেন শিগগিরই। দেশভাগ নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করছেন স্বজন মাঝি।

গল্প সংক্ষেপ নামের ছবিটি দেশভাগ নিয়ে। গল্প নিয়ে ছবির পরিচালক বলেন, কলকাতার একজন বয়স্ক অভিনেতা ঢাকায় আসেন সিনেমার শুটিং করতে। খুব টাইট শিডিউলের মাঝে শুটিংয়ের শেষ দিন বেরিয়ে পড়েন তাঁর জন্মভিটা দেখতে। এই অভিনেতার জন্ম ঢাকাতেই। দেশভাগের সময় কলকাতা চলে যান। তিনি তাঁর পুরোনো বাড়ি দেখতে এবং তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে চলে আসেন পুরান ঢাকায়। পুরোনো বাড়ি ও বন্ধুর খোঁজে বেরিয়ে পড়েন তিনি। দেখা হয় বন্ধুর ছেলের সঙ্গে। পেয়ে যান বাড়িটিও। কিন্তু বাড়ির সদর দরজায় মস্ত তালা। এদিকে তাঁর ফ্লাইটের সময় হয়ে যায়। তিনি কি দেখতে পারবেন বাড়িটি?


চলচ্চিত্রটির শুটিং ৩০ নভেম্বর পুরান ঢাকায় শুরু হবে। পরিচালক বলেন, ছবিটির দৈর্ঘ্য ১২ মিনিট হতে পারে। বরুণ চন্দ ছবিতে সেই বয়স্ক অভিনেতার চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়া ২ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্কাইভ কক্ষে একটি অভিনয় কর্মশালাও পরিচালনা করবেন বরুণ চন্দ। চলচ্চিত্রবিষয়ক সংগঠন ‘নতুন দিনের চলচ্চিত্র’ ও শিল্পকলা একাডেমির আয়োজনে কর্মশালাটির নাম ‘বরুণ চন্দের সঙ্গে চলচ্চিত্র অভিনয় কর্মশালা’। চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কর্মশালার ফেসবুক ইভেন্ট থেকে জানা যায়, কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। অগ্রাধিকার পাবেন নতুন চলচ্চিত্র নির্মাতা ও অভিনয়শিল্পীরা।