ঢাকা এখন ছবির নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা এখন পরিণত হয়েছে আলোকচিত্রের নগরে। বিশ্বখ্যাত আলোকচিত্রীদের তোলা ছবির প্রদর্শনী চলছে মহানগরের আটটি চিত্রশালায়। এসব প্রদর্শনীতে রয়েছে ৩১টি দেশের আলোকচিত্রীদের এক হাজারেরও বেশি আলোকচিত্র। শুধু চার দেয়ালের ভেতরেই নয়, রয়েছে প্রদর্শনীও। ১০টি ভ্যানে ভ্রাম্যমাণ প্রদর্শনীর মাধ্যমে নগরে ঘুরে ঘুরে মানুষকে ছবি দেখানো হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আনুষ্ঠানিক উদ্বোধন হলো আন্তর্জাতিক ছবিমেলার। ছবিমেলার এটি ষষ্ঠ আয়োজন। মেলার আয়োজন করেছে দৃক গ্যালারি। মেলার মূল প্রতিপাদ্য ‘স্বপ্ন’। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়েছিল দেশ-বিদেশের আলোকচিত্রীদের শোভাযাত্রা। শেষ হয় শিল্পকলা একাডেমীর চত্বরে এসে। সেখানে মঙ্গলপ্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে ছবিমেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক শহিদুল আলম, নরওয়ের আলোকচিত্রী মর্টেন ক্রগভোল্ডর, ডিজিটাল গুরু খ্যাত পেদ্রো মেয়ার, ডিক ডাউটির মতো নামকরা আলোকচিত্রীরা। জাতীয় নাট্যশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ, মেক্সিকো আর নাইজেরিয়ার তিন আলোকচিত্রী প্রয়াত নাইব উদ্দিন আহমেদ, পেদ্রো মেয়ার এবং জে ডি ওখাইওজেইকেরেকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে নাইব উদ্দিন আহমেদ তাঁর ক্যামেরায় ধারণ করেন অনেক দুর্লভ আলোকচিত্র। মেক্সিকোর পেদ্রো মেয়ার সমকালীন আলোকচিত্রজগতে সৃষ্টিশীল আলোকচিত্র পরিচর্যাকারী, সম্পাদক, শিক্ষক এবং বিখ্যাত ফটোগ্রাফি ওয়েবসাইট ‘জোনজিরো’-র প্রতিষ্ঠাতা। পেদ্রো মেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে তিনি মেক্সিকোর আলোকচিত্রের সমৃদ্ধ ঐতিহ্যকে নিশ্চিত ভবিষ্যৎ দিয়েছেন। আর জে ডি ওখাইওজেইকেরের নাইজেরিয়ান ও আফ্রিকান সংস্কৃতির আর্কাইভ থেকেই ষাটের দশকে প্রথম আফ্রিকার প্রকৃত দৈনন্দিন জীবনচিত্রটি প্রকাশিত হয়েছিল। ওই আর্কাইভ দেখে পরবর্তী সময়ে আফ্রিকার বর্তমানের সঙ্গে তুলনাগত বিশ্লেষণের পথ তৈরি হয়েছে। নাইজেরীয় সংস্কৃতি ও ঐতিহ্যের রক্ষা ও উন্নয়ন-ভাবনায় তিনি নিজের জীবন নিবেদন করেছেন। উদ্বোধনের পর ছড়িয়ে পড়ে উৎসব। একই দিন ধানমন্ডির দৃক গ্যালারি, জার্মান সাংস্কৃতি কেন্দ্র, চারুকলার লিচুতলা, আলিয়ঁস ফ্রঁসেজ, ব্রিটিশ কাউন্সিলে পৃথক পৃথক প্রদর্শনী শুরু হয়েছে।