ঢাকা ও কলকাতা থেকে রূপঙ্করের অ্যালবাম

জুলফিকার রাসেলের লেখা গান নিয়ে একক অ্যালবাম করেছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর। অ্যালবামের নাম বেঁচে থাকার জন্য। সব কটি গানের সুর করেছেন রূপঙ্কর নিজেই। সংগীতায়োজন করেছেন ইন্দ্রজিৎ দে। রোজার ঈদে অ্যালবামটি ভারত ও বাংলাদেশে একসঙ্গে প্রকাশ করছে ভারতের জিরোনা এন্টারটেইনমেন্ট ও জিরোনা বাংলাদেশ। জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শুভজিৎ রায়।
পরশু সোমবার কলকাতা থেকে মুঠোফোনে রূপঙ্কর বলেন, ‘এই অ্যালবামের কাজটি আমার জন্য বিশেষ কিছু। বাংলাদেশের কারও সঙ্গে কাজ করাটা আমার কাছে অন্য রকম লাগে।’
রূপঙ্কর বলেন, ‘বাংলাদেশ ও ভারতে এই প্রজন্মের বাংলা গান যাঁরা লেখেন, তাঁদের মধ্যে রাসেল অন্যতম। ওর গান সুর করতে খুব সহজ লাগে। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে সব সময়ই জটিল কথা, জটিল ধাঁধার মাঝে ঘোরাফেরা করি। কিন্তু রাসেল যেটা লেখে, সেটা খুব সরাসরি, সহজ এবং সরল; কিন্তু কাব্যময়। একটা বার্তা অবশ্যই থাকে।’
জুলফিকার রাসেল বলেন, ‘রূপঙ্করদা আর আমার বন্ধুত্ব অনেক দিনের। একবার ঢাকায় আমার বাসায় বেড়াতে এসে ঘোষণা দিলেন, তাঁর একটি সলো অ্যালবামের সব কটি গান আমি লিখব। এর পর থেকেই কাজ শুরু হয়।’
জাতিস্মর চলচ্চিত্রে ‘এ তুমি কেমন তুমি’ গানটির জন্য সম্প্রতি সেরা সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রূপঙ্কর।