ঢাকা ও কলকাতায় ৩ ডিসেম্বর ‘মনের মানুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালন ফকিরের জীবনের কিছু দর্শন নিয়ে পরিচালক গৌতম ঘোষ তৈরি করেছেন মনের মানুষ ছবিটি। প্রথম আলোর কলকাতা প্রতিনিধিকে গৌতম ঘোষ জানিয়েছেন, বাংলাদেশের ঢাকা এবং ভারতের কলকাতায় ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৩ ডিসেম্বর। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে লালন ফকিরের ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম। এই প্রতিষ্ঠানের পরিচালক (বিপণন) ইবনে হাসান গতকাল শনিবার সকালে ফ্রান্সের প্যারিস থেকে মুঠোফোনে জানিয়েছেন, ৩ ডিসেম্বর ঢাকা ও ঢাকার বাইরের অন্তত ১৫টি প্রেক্ষাগৃহে এবং কলকাতায় নন্দনসহ কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে।হাসান আরও জানিয়েছেন, চ্যানেল আইয়ের এক যুগে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার অংশ হিসেবে স্টার সিনেপ্লেক্সে দেখানো হবে মনের মানুষ। ৩০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত ছবিটির চারটি প্রদর্শনী হবে। আর এই প্রদর্শনীগুলো হবে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।গৌতম ঘোষ আরও জানিয়েছেন, ছবিটি মুম্বাইতে মুক্তি পাবে ১৫ ডিসেম্বর। আর ওই মাসের শেষ দিকে এটি মুক্তি পাওয়ার কথা বেঙ্গালুরুতে। তা ছাড়া ডিসেম্বরে গোয়ায় অনুষ্ঠেয় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি উদ্বোধনী ছবি হওয়ার আভাস দিয়েছেন কর্মকর্তারা।