ঢাকা ও চট্টগ্রামে ফ্রাঙ্কোফোনি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব ফরাসি ভাষাভাষীর এক অনন্য সাংস্কৃতিক উৎসব ‘ফ্রাঙ্কোফোনি’। কয়েক বছরের ধারাবাহিকতায় ফরাসি ভাষাভুক্ত সাত দেশের কূটনৈতিক মিশনের উদ্যোগে ঢাকা ও চট্টগ্রামে শুরু হচ্ছে ১০ দিনের ফ্রাঙ্কোফোনি উৎসব। আগামীকাল শুরু এ উৎসব ২০ মার্চ পর্যন্ত চলবে।
পৃথিবীর ২২০ মিলিয়ন মানুষের মনের ভাব প্রকাশ হয় ফরাসি ভাষায়। এটি ৩২টি দেশের রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহৃত হয়। ঢাকায় অবস্থানকৃত ফ্রাঙ্কোফোনি মিশনগুলো হলো ফ্রান্স, কানাডা, মিসর, মরক্কো, কাতার, সুইজারল্যান্ড এবং ভিয়েতনামের দূতাবাস।
আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার প্রোগ্রাম অফিসার∣মামুন অর রশিদ ‘প্রথম আলো’কে বলেন, ১০ দিনের এ উৎসবে থাকবে ‘পেতঙ্ক’ নামের একটি ফরাসি ক্রীড়া প্রতিযোগিতা, ল্যাবসি-তোয়া প্রতিযোগিতা, রান্না প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, ফরাসি ভাষায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন, অনুবাদ প্রতিযোগিতা ইত্যাদি।
১৫ মার্চ সন্ধ্যা সাতটায় ঢাকার আলিয়ঁস ফ্রঁসেসের নুভেল ভাগ মিলনায়তনে প্রদর্শিত হবে কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স ও মিসরের সাতটি ফরাসি ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
১৬ মার্চ সকাল ১০টায় ‘মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণ’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে। বাংলাদেশে ফ্রাঙ্কোফোনির প্রতিনিধিত্বকারী দূতাবাসগুলোর রাষ্ট্রদূতেরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক থাকবেন বিশেষ অতিথি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক জিনাত ইমতিয়াজ আলী অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন।
শেষ দিন ২০ মার্চ রোববার বেলা ১১টায় ফ্রাঙ্কোফোনি চেম্বার অব কমার্সের উদ্যোগে ‘বাংলাদেশ এবং ফ্রাঙ্কোফোন দেশসমূহের বাণিজ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে হোটেল লা মেরিডিয়ানে।