ঢাকা ও টরন্টোতে 'বাংলাদেশের হৃদয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের হৃদয় প্রামাণ্য চলচ্চিত্রের দৃশ্য।
বাংলাদেশের হৃদয় প্রামাণ্য চলচ্চিত্রের দৃশ্য।

এক হৃদয়ের গল্প কখনো কখনো সব হৃদয়ের গল্প হয়ে উঠতে পারে। এক জীবনের বাস্তবতা ছুঁয়ে যেতে পারে সবার জীবনকে। পুরান ঢাকার হৃদয় নামের ছোট্ট ছেলেটির গল্পও যেন তা-ই। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ২০১৩ সালের আন্দোলনের সময় ১০ বছরের ছেলেটি বাড়ি ছেড়ে চলে আসে শাহবাগে। আন্দোলনরত তরুণ-তরুণীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শাহবাগে সেও স্লোগান দিতে থাকে ‘মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই।’ মা-বাবা যে ছেলেটিকে মাদ্রাসায় পাঠাতে চেয়েছিল, সে কেন শাহবাগে থেকে গিয়েছিল? কেন শাহবাগে বাঁধা পড়ে গিয়েছিল বাংলাদেশের হৃদয়?

শাহবাগ আন্দোলনের পটভূমিতে ১০ বছরের হৃদয়কে ঘিরে চলচ্চিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলালের বাংলাদেশের হৃদয় প্রামাণ্য চলচ্চিত্রে পাওয়া যাবে এসব প্রশ্নের উত্তর। চলচ্চিত্রটি ইতিমধ্যেই কানাডার মন্ট্রিয়াল চলচ্চিত্র উৎসবে ‘অফিশিয়াল সিলেকশন’ ক্যাটাগরিতে প্রদর্শিত হয়েছে। স্থান পেয়েছে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালেও। গত বছর নিউইয়র্কে উদ্বোধনী প্রদর্শনীর পর থেকে ঢাকায়ও ছবিটির একাধিক প্রদর্শনী হয়েছে। এর আগে সাইফুল ওয়াদুদ হেলাল নির্মিত অপরাজেয় বাংলা ২০১২ সালের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতে নেয়।

আগামীকাল শুক্রবার ঢাকা ও টরন্টোয় বাংলাদেশের হৃদয় চলচ্চিত্রটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকায় সন্ধ্যা ছয়টায় শাহবাগের ছবির হাটে ‘আন্দোলনের চলচ্চিত্র উৎসব-২০১৪’–এর উদ্বোধন হবে এই ছবি দিয়েই। অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এ উৎসবের আয়োজন করেছে। একই দিনে টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে কানাডার ‘বাংলাদেশ সেন্টার টরন্টো’-তে হবে ছবিটির প্রদর্শনী।