ঢাকা ও প্যারিসে ‘লাল টিপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ সেপ্টেম্বর থেকে ফ্রান্সের প্যারিসে শুরু হচ্ছে লাল টিপ ছবির শুটিং। যৌথ প্রযোজনার এই ছবিতে অভিনয় করছেন ইমন, কুসুম শিকদার ও শহিদুল আলম সাচ্চু। এতে থাকছেন ফ্রান্সের ৩০ জন পেশাদার শিল্পী। ছবিটি পরিচালনা করছেন স্বপন আহমেদ। প্যারিসে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশোনা শেষ করে ২০০৬ সালে তিনি তৈরি করেন বিউটিফুল মাইন্ড নামের একটি ছবি। ওই বছর প্যারিসে আয়োজিত হলিউড ভার্সেস বলিউড উৎসবে সেরা ছবির পুরস্কার পায় এটি।স্বপন জানান, এরপর তিনি ফ্রান্সের চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান নির্মাতাদের সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছেন। এবারই প্রথম তিনি সরাসরি পরিচালনা করছেন। যৌথ প্রযোজনার এই ছবিতে বাংলাদেশ থেকে আছে ইমপ্রেস টেলিফিল্ম আর ফ্রান্স থেকে বনানী ফিল্মস।গত বুধবার সন্ধ্যায় প্যারিস থেকে মুঠোফোনে কথা বললেন স্বপন আহমেদ। ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আসা এক তরুণ চিত্রশিল্পীর সঙ্গে পরিচয় হয় একটি মেয়ের। মেয়েটির বাবা বাঙালি। কিন্তু মেয়েটি কখনো বাংলাদেশ দেখেনি। বাংলাদেশের সংস্কৃতি সম্বন্ধে কিছুই জানে না। ছেলেটির সংস্পর্শে এসে সে নিজের শিকড়ের সন্ধান করে। এটি পুরোপুরি প্রেমের ছবি। প্যারিস হলো ভালোবাসার শহর। এই শহরের বিখ্যাত সব জায়গায় ছবিটির দৃশ্যায়নের কাজ হবে। কিছু অংশের কাজ হবে ঢাকায়।’স্বপন আহমেদ আরও জানান, বাণিজ্যিক এই ছবি নির্মাণের ব্যাপারে ফ্রান্স সরকারের কাছ থেকে সব অনুমতি নেওয়া হয়েছে। ছবিটি তৈরির ব্যাপারে সহযোগিতা করছে প্যারিস সিটি করপোরেশন, প্যারিস মিশন সিনেমা ও মুল্যা রুজ।জানা গেছে, প্রায় আট কোটি টাকা বাজেটের এই ছবিতে সর্বাধুনিক কারিগরি প্রযুক্তি ব্যবহার করা হবে। আন্তর্জাতিক মানের ছবিটির ডাবিং করা হবে বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায়। ছবির গানে কণ্ঠ দিচ্ছেন কণা, ন্যান্সি ও ইবরার টিপু। সুর ও সংগীত পরিচালনা করছেন ফুয়াদ ও ইবরার টিপু। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই ছবির কাজ শুরু হবে।