ঢাকা ও ময়মনসিংহে উচ্চাঙ্গসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের চর্চা অব্যাহত রাখা ও প্রচার-প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমি একটি দীর্ঘমেয়াদি সমঝোতায় উপনীত হয়েছে। এই সমঝোতার আওতায় আজ শুক্রবার ময়মনসিংহে এবং রোববার ঢাকায় দ্বিমাসিক ‘মায়ার মাধুরী’ শীর্ষক উচ্চাঙ্গসংগীতাসরের আয়োজন করা হয়েছে।আজ ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ও রোববার ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সংগীত পরিবেশন করবেন আইটিসি সংগীত রিসার্চ একাডেমির পণ্ডিত অরুণ ভাদুড়ি। তাঁর সঙ্গে তবলায় সংগত করবেন সন্দীপ রায় চৌধুরী। হারমোনিয়ামে সঙ্গ দেবেন জ্যোতি গুহ। এ ছাড়া সংগীত রিসার্চ একাডেমির কৃতী কণ্ঠশিল্পী সাবিনা মমতাজ ইসলাম, গিটারবাদক রতন ভারতী ও তবলাশিল্পী অশোক মুখার্জি অনুষ্ঠানে অংশ নেবেন।গতকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল ক্যাফেতে এ আয়োজনের প্রাক্কালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আইটিসি সংগীত রিসার্চ একাডেমির পণ্ডিত অরুণ ভাদুড়ি, একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা সব্যসাচী রায় চৌধুরী ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন এবং অরুণ ভাদুড়িকে সম্মাননা দেবেন পণ্ডিত পবিত্র মোহন দে।প্রসঙ্গত, এই সমঝোতার আওতায় আইটিসি সংগীত রিসার্চ একাডেমির শিল্পী ও বাংলাদেশের শিল্পীদের নিয়ে ঢাকায় ও ঢাকার বাইরে দ্বিমাসিক উচ্চাঙ্গসংগীতাসর, এ দেশের মেধাবী উচ্চাঙ্গসংগীত শিল্পী-শিক্ষার্থীদের নিয়ে সংগীতবিষয়ক কর্মশালা আয়োজন ও বৃত্তি প্রদান, সংগীত রিসার্চ একাডেমির কারিগরি সহায়তায় পরম্পরা শাস্ত্রীয় সংগীত বিদ্যালয় স্থাপন ও বার্ষিক সংগীত উৎসব আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।