ঢাকা ও শাহজাদপুরে জয়তীর গান
কলকাতার রবীন্দ্রসংগীতের শিল্পী জয়তী চক্রবর্তী বাংলাদেশে দুটি অনুষ্ঠানে গান করবেন। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় ঢাকায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হবে প্রথম অনুষ্ঠানটি। শাহজাদপুরে রবীন্দ্র-কাছারিবাড়ি মিলনায়তনে তিনি গান করবেন রোববার সন্ধ্যা সাতটায়। দুটি অনুষ্ঠানই যৌথভাবে আয়োজন করেছে ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র ও বেঙ্গল ফাউন্ডেশন।আয়োজকদের কাছ থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালেই ঢাকায় এসে পৌঁছেছেন জয়তী। সংগীতে তাঁর হাতেখড়ি পাঁচ বছর বয়সে। তিনি খেয়ালে তালিম নিয়েছেন শম্ভুনাথ মুখার্জির কাছে, কণ্ঠ প্রক্ষেপণে প্রশিক্ষণ নিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে, রবীন্দ্রসংগীত শিখেছেন শুভঙ্কর ব্যানার্জির কাছে এবং আধুনিক বাংলা গানে তালিম নিয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে। এখন তিনি খেয়ালে তালিম নিচ্ছেন সনাতন বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং রবীন্দ্রসংগীতে সুভাষ চৌধুরীর কাছে।