ঢাকা থিয়েটারের ৪০

‘ন্যাচারাল বিউটি, বুঝলেন? শহর মানেই তো গাড়িঘোড়া হইচই। তার মধ্যে এই রমনা পার্ক। চমৎকার একটা প্লেস। এখানে এলেই কবিতা আওড়াতে ইচ্ছে করে...। ’ সেলিম আল দীনের সংবাদ কার্টুন নাটকের সংলাপ এটি। নাটকটির নির্দেশনা দিয়েছিলেন নাসির উদ্দীন ইউসুফ। সংবাদ কার্টুন প্রথম মঞ্চে আসে ১৯৭৩ সালের নভেম্বর মাসে। একই সঙ্গে মঞ্চস্থ হয়েছে হাবিবুল হাসানের লেখা ও নির্দেশনায় সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ নাটক। তখন মাত্র দুই ও তিন টাকা দর্শনীর বিনিময়ে নাটক দুটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে। এই যুগল নাট্য প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশের নাট্যচর্চায় পদচারণ ঘটে ঢাকা থিয়েটারের। এবার একটু পেছনের কথা বলি। ১৯৭৩ সালের ২৯ জুলাই। কয়েকজন তরুণ মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠা করেন ঢাকা থিয়েটার। স্লোগান তাঁদের, ‘মৌলিক নাটক মঞ্চায়নের মধ্যে বাংলা নাটকের মুক্তি।’ মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত স্বাধীন বাংলাদেশের নাট্যমঞ্চে মৌলিক নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে তাঁরা পার করেছেন ৪০ বছরের দীর্ঘ নাট্যযাত্রা। ঢাকা থিয়েটারের এই সুদীর্ঘ সময়ের শিল্পসাধনায় তাঁরা দর্শককে উপহার দিয়েছেন প্রায় ৩০টি মঞ্চনাটক ও সাতটি পথনাটক। আর গ্রাম থিয়েটারের কথা তো আছেই। চার দশকের বৈচিত্র্যপূর্ণ কর্মযজ্ঞ আর নৈপুণ্য প্রদর্শনের মধ্য দিয়ে অনেক আগে তাদের ঠাঁই মিলেছে দেশের নন্দিত নাট্যদলের কাতারে। এবার তারা আয়োজন করেছে ৪০ বছর পূর্তি উৎসব। উৎসবের স্লোগান: বিশ্ব রঙ্গমঞ্চে ঝংকৃত হোক বাংলা নাটকের শাশ্বত সুর। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে সেমিনারের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে ২৭ জুলাই বিকেল সাড়ে তিনটায়। ‘ঢাকা থিয়েটারের চার দশক, গ্রাম থিয়েটারের তিন দশক’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক আফসার আহমদ। সভাপতিত্ব করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ‘তোমার অসীম মুখশ্রীর পূর্ণিমা শূন্যে আভাময়’ স্লোগানে সেলিম আল দীনকে উৎসর্গ করা হয়েছে এই উৎসব। উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন ২৯ জুলাই। ওই দিন জাতীয় নাট্যশালার মূল মঞ্চে ঢাকা থিয়েটারের প্রতিনিধিত্বশীল নাটকের অংশবিশেষের কোলাজ প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। কোলাজ প্রদর্শনীতে দলের নবীন শিল্পীদের সঙ্গে অভিনয় করবেন আফজাল হোসেন, শমী কায়সার, শিমূল ইউসুফ, রাইসুল ইসলাম আসাদ, জহির উদ্দীন পিয়ার, শুভাশীষ ভৌমিক, রোজী সিদ্দিকী, ফারুক আহমেদসহ আরও অনেক প্রবীণ শিল্পী।
কোলাজ প্রদর্শনীর আগে ঢাকা থিয়েটারের উদ্দেশে আশীর্বচন রাখবেন সৈয়দ শামসুল হক। ‘৪০ বছরে আসা নিঃসন্দেহে একটি দুরূহ কাজ। এই যাত্রা শিল্পের হিমালয় পার হওয়ার শামিল। এই যাত্রায় কেউ টিকে আছে, আবার কেউ হয়তো ছিটকে পড়েছে। নানা সংকট পেরিয়ে এখনো টিকে থাকার আনন্দ সত্যিই ভাষাহীন’—বললেন দলের দীর্ঘ সময়ের সঙ্গী কামাল বায়েজিদ। জানা গেছে, উৎসবের মূল আয়োজন অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে। দেশ-বিদেশের বিভিন্ন নাট্য দলের অংশগ্রহণে আয়োজন করা হবে ১০ দিনব্যাপী নাট্যোৎসব। ৪০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা থিয়েটারের দলপ্রধান নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘জাতীয় নাট্য আঙ্গিক নির্মাণের লক্ষ্যে ঢাকা থিয়েটারের জন্ম হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা অভিজ্ঞতায় পুষ্ট হয়েছি সেলিম আল দীনের নতুন নাটক, নতুন নাট্য আঙ্গিক, নাট্যরীতি ও অভিজ্ঞতায়। ঢাকা থিয়েটার গত চার দশকের মধ্যে তিন দশক তাঁর স্বকীয় কর্মাদর্শে নিরলস ও সক্রিয় ছিল। এই দীর্ঘ শিল্পযাত্রায় শিল্পী, কলাকুশলী, দর্শক ও শুভানুধ্যায়ী—যাঁরা আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।’