ঢাকা থিয়েটার ও আফজালের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থিয়েটারের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উদ্‌যাপিত হয় অভিনেতা আফজাল হোসেনেরও জন্মদিন l ছবি: প্রথম আলো
ঢাকা থিয়েটারের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উদ্‌যাপিত হয় অভিনেতা আফজাল হোসেনেরও জন্মদিন l ছবি: প্রথম আলো

বয়সকে বেঁধে ফেলেছেন অভিনেতা আফজাল হোসেন। ফলে এই ষাটেও তিনি তরুণ। বিশ্বাস হবে কারও? সে জন্যই হয়তো গোপন করতে চেয়েছিলেন বয়সের এই সংখ্যাটিকে। তাই বলে কি নীরবে চলে যাবে অভিনেতার জন্মদিন!
১৯ জুলাই ছিল আফজাল হোসেনের ৬০তম জন্মদিন। এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা থিয়েটারের আয়োজনে চ্যানেল আইয়ের ছাদঘরে উদ্যাপিত হয় এই অভিনেতার জন্মদিন। ওই দিন ছিল ঢাকা থিয়েটারের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে আনন্দের দুই আয়োজনে ছিল উৎসবের অন্য রকম আমেজ। আড্ডা, গান আর কবিতায় মুখর হয়ে উঠেছিল টেলিভিশন চ্যানেল কার্যালয়ের ছাদ।
ঢাকা থিয়েটার নিয়ে স্মৃতিচারণা ও আফজাল হোসেনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন নাট্যজন আতাউর রহমান, অভিনেত্রী শিমূল ইউসুফ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, চিত্রশিল্পী হাশেম খান, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, কামাল বায়েজীদ, কবি রেজাউদ্দিন স্টালিন, কণ্ঠশিল্পী লীনু বিল্লাহ, খুরশীদ আলম প্রমুখ। অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করেন ঢাকা থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর নাসির উদ্দীন ইউসুফ।
আড্ডার ফাঁকে ফাঁকে গান করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, খুরশীদ আলম, লীনু বিল্লাহ ও দিনাত জাহান। আবৃত্তি করেন হাসান আরিফ। দিনাত জাহানের কণ্ঠে ‘আমি একদিন তোমায় না দেখিলে’ গানের সময় মঞ্চে ডেকে নেওয়া হয় আফজালকে। সে সময় মঞ্চে এসে গানের সঙ্গে নাচ করতে থাকেন অভিনেত্রী রোজী সিদ্দিকী। যেন এই গানের পাত্র–পাত্রী তাঁরা দুজন। সহশিল্পীর এমন রসজ্ঞ নাচে লজ্জায় লাল হয়ে উঠতে দেখা যায় আফজাল হোসেনকে।
সবার উদ্দেশে আফজাল হোসেন বলেন, ‘আমি জীবনে কিছুই প্রত্যাশা করিনি। হিসাব না করে শুধু পথ চলেছি। মনে হয়েছে পৃথিবীর পথে আমি নাম না-জানা এক পথিক। কোনো দিন চাইনি আমার প্রতি কেউ আকর্ষিত হোক। শুধু লোভীর মতো চেয়েছি, আমার ভাবনা ও কর্মের প্রতি মানুষ নজর দিক।’