ঢাকা থিয়েটারের কোলাজ
ঢাকা থিয়েটারের প্রথম মঞ্চায়িত নাটকের খুদে দর্শক ছিলাম আমি, এ কথা ভাবতেই মন ভরে যায়। জেলা পরিষদের সেই অপ্রশস্ত ঘরটিতে ছিল ডেকোরেটরের সারি সারি চেয়ার। ঘরভর্তি দর্শকের সামনে শুরু হয়ে গেল সংবাদ কার্টুন নাটকটি। পরে আমরা শিশুরা কতবার অভিনয় করেছি ‘জলদি চলো, ঘরকে চলো’ কিংবা ‘চাই সিগারেট চল্লিশ পয়সা’। সে দৃশ্য গাঢ় হয়ে আছে। হাবিবুল হাসানের লেখা সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ নাটকটির অভিনয়ও সেদিন হয়েছিল।সেই স্মৃতিময় শৈশব তাড়িয়ে বেড়ায় নিরন্তর। তাই ঢাকা থিয়েটারের ৪০ বছর পূর্তির কোলাজ দেখার লোভ সামলানো গেল না। নতুনদের সঙ্গে পুরোনো অভিনয়শিল্পীদের দেখব মঞ্চে—এ তাড়না থেকে মুক্তি নেই। ২৯ জুলাই সময়মতো শিল্পকলার জাতীয় নাট্যশালার একটি চেয়ার আমার দখলে। সঙ্গে শিল্পী অশোক কর্মকার।মঞ্চে সফেদ পোশাকে বসে আছেন ঢাকা থিয়েটারের শিল্পীরা। আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ আর শমী কায়সার বর্ণনা করে যাচ্ছেন দলের বিচিত্র পথচলার আগাপাছতলা। তারই সূত্রে অভিনীত হচ্ছে একেকটি নাটক। আমরা ফিরে যাই সত্তর, আশি ও নব্বইয়ের দশকে। অভিনয় দেখতে গিয়ে মনে পড়ে যায় অতীতের বেইলি রোড, মহিলা সমিতি আর গাইড হাউস মঞ্চ। মনের কোথায় যেন করুণ এক সুর বেজে ওঠে। সময়টি ছিল স্বর্ণাভ, এখন শুধু পাওয়া যায় তার রেশটুকু, পুরোটা আর কখনোই ফিরবে না।সেদিন ঢাকা থিয়েটারের বেশ কটি নাটকের বেশ কিছু দৃশ্যের অভিনয় দেখা গেল। নতুন-পুরোনো শিল্পীরা নিজেদের উজাড় করে দিয়ে মঞ্চ কাঁপালেন। কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়ে আমি কি একটু হতাশ হলাম? সত্তর, আশি ও নব্বইয়ে মঞ্চনাটকে যে ঋজু অভিনয় ছিল, সেটা কেন পাচ্ছিলাম না? রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন কিংবা জহিরউদ্দিন পিয়ার যখন সংলাপ বলছিলেন, তখন তাঁদের দেহভাষায়ও ছিল অপূর্ব দ্যুতি, সেটা তো একালের শিল্পীদের মধ্যে দেখলাম না? এটা কি আমার শৈশব-কৈশোর আর যৌবনের মুগ্ধতার কারণে, নাকি সত্যিই অভিনয়ের মান কমে গেছে? সেলিম আল দীন নেই, কিন্তু পুরোটা সময় তিনি থাকলেন সঙ্গে। নানা অলিগলি দিয়ে কীভাবে প্রসেনিয়াম এসে ভিড়ল বর্ণনাত্মক নাটকের মোহনায়, সে বৃত্তান্ত উঠে এল নির্দ্বিধায়। যে নাটকগুলোর কোলাজ হলো, তা এল কালকে মনে রেখে ধারাবাহিকভাবে। নাসির উদ্দীন ইউসুফ তো থাকলেন প্রায় প্রতিটি মুহূর্তেই, পরোক্ষে। কারণ, দু-একটি নাটক ছাড়া সবগুলোতেই রয়েছে তাঁর উজ্জ্বল স্পর্শ। একটা মুহূর্ত থাকল স্মরণীয় হয়ে। অভিনয়ের সময় প্রজেক্টরে ভেসে উঠছিল সেই নাটকের আগেকার দিনের ছবি। কেরামত মঙ্গল-এর একটি ছবি প্রজেক্টরে ভেসে উঠতেই পাশে বসা অশোক কর্মকারের চিৎকার, ‘দেখেছেন, ওই গাছটা আমরা বানিয়েছিলাম!’ হ্যাঁ, সে গাছটি ধরা আছে প্রজেক্টরে। আর সে গাছটির মতো ঢাকা থিয়েটারও যে ধীরে ধীরে নাট্যজগতে মহিরুহ হয়ে উঠল, তার গর্বের অংশ যে আমরাও ভাগাভাগি করে নিতে পারলাম, সেই আনন্দ কীভাবে প্রকাশ করব?