ঢাকা থেকে প্রতুলের ‘আমি বাংলায় গান গাই’
‘গত বছর যখন বাংলাদেশে গিয়েছিলাম, তখন বেঙ্গল ফাউন্ডেশন থেকে আমার একটা অ্যালবাম করার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছিল। তাদের বলেছিলাম, আমার গলা বেশ ক্লান্ত, এখন করাটা ঠিক হবে না। কলকাতায় ফিরে গিয়ে একটু ধীরেসুস্থে, ভেবেচিন্তে কাজটা করব। একসময় সেই সুযোগটা পেয়ে গেলাম। ১০টা গান তৈরি করে গত বছরের সেপ্টেম্বর মাসে ওদের দিয়েছি।’ বললেন প্রতুল মুখোপাধ্যায়। বাংলাদেশ থেকে অ্যালবাম প্রকাশের ব্যাপারে ভারতের কলকাতা থেকে মুঠোফোনে কথা বললেন তিনি। এবারই প্রথম বাংলাদেশ থেকে তাঁর গণসংগীতের অ্যালবাম বের হচ্ছে। নাম আমি বাংলায় গান গাই। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী সপ্তাহেই শ্রোতারা হাতে পাবে অ্যালবামটি। তবে এর প্রকাশনা অনুষ্ঠানটি হবে একটু দেরিতে। অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশনের ঊর্ধ্বতন ব্যবস্থাপক খন্দকার তাজমী নূর বলেন, ‘প্রকাশনা অনুষ্ঠানটি আমরা প্রতুল মুখোপাধ্যায়কে নিয়েই করব। আশা করছি, এ বছরের শেষ দিকে তিনি ঢাকায় আসবেন। তখনই আনুষ্ঠানিকভাবে আমি বাংলায় গান গাই অ্যালবামের মোড়ক খোলা হবে।’প্রতুল জানান, গত বছর বাংলাদেশে আসার আগে তিনি একটি গান তৈরি করেছিলেন—‘দুইজনাই বাঙালি ছিলাম’। এটিও থাকছে এখানে। অ্যালবামের শুরুটা হয়েছে এই গান দিয়ে, আর শেষ গানটি হলো ‘আমি বাংলায় গান গাই’। গানটি তিনি নতুন করে গেয়েছেন। এটি ছাড়া অ্যালবামের বাকি সব গানই নতুন। মঞ্চে গাওয়া হয়েছে, কিন্তু কোনো অ্যালবামে রাখা হয়নি।প্রতুল বললেন, ‘এই অ্যালবামের জন্য আমি শক্তি চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, অলোকরঞ্জন দাশগুপ্ত, অন্নদাশঙ্কর রায় আর বাংলাদেশের আল মাহমুদের কবিতা থেকে গান তৈরি করেছি। বরাবরের মতো সব কটি গানের সুর আমিই করেছি। সঙ্গে যন্ত্রানুষঙ্গও রেখেছি। ও কাজটা করেছে কল্যাণ সেন বরাট। পুরো ব্যাপারটা সমন্বয় করেছেন রতন বসু মজুমদার। মজার ব্যাপার হলো, অ্যালবামের সব কটি গানের কাজ করেছি মাত্র এক দিনে।’উদীচীর আমন্ত্রণে সত্যেন সেন গণসংগীত উৎসব উপলক্ষে গত বছরের মার্চ মাসে বাংলাদেশে এসেছিলেন প্রতুল মুখোপাধ্যায়।