ঢাকা থেকে যা শিখে গেলেন দেব

ছয় দিনের সরকারি সফরে ঢাকায় এসে অনেক কিছু শিখে গেলেন ভারতের কলকাতার জনপ্রিয় নায়ক ও তৃণমূল কংগ্রেস সদস্য দীপক অধিকারী। ভক্তদের কাছে তিনি দেব নামেই পরিচিত। বুধবার ঢাকা ছাড়ার আগে প্রথম আলোর সঙ্গে আলাপে নতুন কিছু শেখার ব্যাপারটি তুলে ধরলেন।
দেব বলেন, ‘একটা দেশ চালাতে কত কিছু যে লাগে। কত মানুষের ইনভলভমেন্ট থাকে। একজন অভিনেতা হিসেবে এটা আমার জানাই হতো না যদি এবার বাংলাদেশে না আসতাম। আমি সম্মানিত।’
১৩২ দেশের সংসদীয় প্রতিনিধিদের নিয়ে ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন। এখানে যোগ দিতে এসেছিলেন দেবও। সামনে মুক্তি পাবে দেব অভিনীত ‘চ্যাম্প’ সিনেমাটি। ১৪ এপ্রিল এই সিনেমার পোস্টার উন্মোচন করা হবে।
দেব বলেন, ‘আমি “চ্যাম্প” সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত ছিলাম। এই সম্মেলনে আসার মূল কারণ ছিল বাংলাদেশ। আই লাভ টু কাম টু বাংলাদেশ। কারণ, এখানে আসার খুব বেশি সুযোগ পাই না। এই দেশে এত দর্শক আছেন, গতবারও তাঁদের ভালোবাসা পেয়েছিলাম, তার আগেরবারও সিনেমার শুটিংয়ে এসে তা টের পেয়েছিলাম। তাই হ্যাঁ বলে দিয়েছি।’
ছয় দিনের সরকারি সফরে ঢাকায় অনেক কিছুই শিখেছেন দেব। বললেন, ‘অনেক মানুষের সঙ্গে আলাপ হলো। অনেক শিক্ষা নিলাম। অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। সাংসদ হিসেবে আমি এখনো নবাগত। এত অল্প সময়ে রাজনীতি অতটা বুঝে উঠতে পারিনি। অভিনয়ের বাইরেও একটা জগৎ আছে। সেই জগতের সঙ্গে এবারই আমার প্রথম আলাপ হলো। একটা দেশ কীভাবে চলে। অন্য দেশ কী ভাবছে—দ্বিপক্ষীয় আলোচনায় এসব উঠে এসেছে। শুধু তা–ই নয়, এক দেশের ওপর অন্য দেশের অযাচিত হস্তক্ষেপ নিয়েও কথা হয়েছে।’
দেব জানান, আইপিইউ সম্মেলনে তিনি বক্তব্যও দিয়েছেন। তাঁর বক্তব্যের বিষয় ছিল, বিশ্বরাজনীতিতে তরুণ সাংসদদের অংশগ্রহণ (পার্টিসিপেশন ইন ইয়ুথ পার্লামেন্টারিয়ান ইন ওয়ার্ল্ড পলিটিকস)। ১৩২ দেশের সংসদীয় প্রতিনিধিদের নিয়ে এ আয়োজনে ভারতের একজন সাংসদ হিসেবে তাঁর অংশগ্রহণ অনেক বড় একটা ব্যাপার বলে মনে করছেন দেব। দেব বলেন, ‘যা কিছু শিখলাম, জানলাম, বুঝলাম আর অভিজ্ঞতা অর্জন করলাম, তা আমার রাজনৈতিক ক্যারিয়ারে কাজে লাগানো যাবে। আমার এলাকার মানুষের কল্যাণে হয়তো এসব অভিজ্ঞতা দিয়ে অবদান রাখতে পারব।’