ঢাকা নিয়ে আলোচনা
বাংলা একাডেমী ‘সেলিব্রেশন অব ঢাকা, দ্য ক্যাপিটাল অব ইসলামিক কালচার ফর এশিয়ান রিজিয়ন’ উদ্যাপন উপলক্ষে রোববার সকালে একাডেমীর সেমিনারকক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। ‘মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী: আ বেঙ্গলি মুসলিম রিফর্মার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মো. আখতারুজ্জমান। আলোচনায় অংশ নেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মনিরুজ্জামান এবং কবি মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিরোজ মাহমুদ।স্বাগত বক্তব্যে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, মনিরুজ্জামান ছিলেন একজন বিরল দেশপ্রেমিক, বাঙালি মুসলিম সমাজের অন্যতম সংস্কারসাধক। কৃত্রিম রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা তাঁর দূরদৃষ্টি ও রাষ্ট্রচিন্তার পরিচয় বহন করে। বাঙালি মুসলমান সমাজে আধুনিক চিন্তাচেতনা বিকাশে মনিরুজ্জামানের অবদান বিস্মৃত হওয়ার নয়। প্রাবন্ধিক মো. আখতারুজ্জামান বলেন, ‘বাঙালি মুসলমানের চিন্তাচর্চার জগতে নিয়ে আসতে মনিরুজ্জামানের অবদান অসামান্য। প্রগতিবাদী রাজনীতির মধ্য দিয়ে মুসলিম সমাজের ইতিবাচক রূপান্তর সাধনে ব্রতী ছিলেন তিনি। ইসলামের সাম্য-মৈত্রী ও শান্তির বাণীকে তিনি মানুষের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছেন। ইসলামের মূল মর্মবাণীর ধারক ছিলেন বলেই তাঁকে আমরা সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করতে দেখি।’ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, মৌলানা ছিলেন বহুকৌণিক ব্যক্তিত্ব, স্বশিক্ষিত মানুষ। তাঁর মতো অনুসন্ধিৎসু গবেষক ও সমাজচিন্তক সমকালে ছিল একেবারেই বিরল। সভাপতির বক্তব্যে অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন বলেন, সাংবাদিক-শিক্ষাবিদ, বিপ্লবী রাজনীতিবিদ, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামী মুসলিম সমাজ সংস্কারক ও চিন্তানায়কের বহুবিধ পরিচয়কে ধারণ করে একটি বৃহৎ লক্ষ্যে ধাবমান ছিলেন মনিরুজ্জামান। রক্ষণশীল ধ্যান-ধারণার বিপরীতে তিনি মুক্তচিন্তার ঝান্ডা হাতে এগিয়েছিলেন। গণতান্ত্রিক শাসনের মাধ্যমে গণমানুষের স্বশাসনের ধারণা তাঁর প্রাগ্রসর দৃষ্টিভঙ্গিরই পরিচায়ক। বিকেলে দ্বিতীয় পর্বের আয়োজনে ‘ঢাকার ইতিহাস ও ঐতিহ্য’ বিষয়ে বক্তৃতা দেন অধ্যাপক মুনতাসীর মামুন। আলোচনায় অংশ নেন অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ এবং ফিরোজ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আসাদ চৌধুরী।