ঢাকা পদাতিকের আন্তর্জাতিক নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা পদাতিকের। এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১৩ মার্চ হলেও এবার ৩০ বছর পূর্তি উপলক্ষে উৎসব শুরু হবে ১৯ মার্চ থেকে। এ আয়োজনকে আন্তর্জাতিক উৎসব হিসেবে পালন করছে দলটি। উৎসবে ভারতের দুটি এবং সুইজারল্যান্ডের একটি নাটকের দল অংশ নিচ্ছে। ১৯ মার্চ ঢাকায় শিল্পকলা একডেমীর মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে। ‘ধর্ম-বর্ণ-জাতির ঊর্ধ্বে জাগো হে নবীন প্রাণ’ স্লোগান নিয়ে উৎসব শেষ হবে ২৫ মার্চ।উদ্বোধনী দিনে ভারতের লোককৃষ্টি কলকাতা দলের তিন নম্বর চোখ নাটকের মঞ্চায়ন হবে। এর নির্দেশনা দিয়েছেন ফাল্গুনী মুখোপাধ্যায়। একই দল ও নির্দেশকের আরেকটি নাটক ল্যাবরেটরি হবে ২০ মার্চ। ২১ মার্চ শিমূল ইউসুফের নির্দেশনায় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের ধাবমান। সংলাপ কলকাতা কুন্তল মুখোপাধ্যায়ের নির্দেশনায় লাঠি কাণ্ড পরিবেশন করবে উৎসবের ২২ মার্চ। একই দল ও নির্দেশকের নির্দেশনায় ২৩ মার্চ মঞ্চস্থ হবে অন্তরাগ। সুইজারল্যন্ডের মুমেনসানচ পরিবেশন করবে তিন গুণন এগারো ২৪ মার্চ। এটি নির্দেশনা দিয়েছেন জান লুকাস। উৎসবের শেষ দিন ২৫ মার্চ মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের পাইচো চোরের কিচ্ছা। এর নির্দেশনা দিয়েছেন কাজী চপল। এ দিন দুটি পদক বিতরণীর অনুষ্ঠানও থাকছে। দলের প্রয়াত কর্মী আবুল কাসেম দুলাল ও কাজী জাকির হোসেন স্মৃতিপদক প্রদান করা হবে। কাজী জাকির হোসেন স্মৃতিপদক এ বছর থেকে প্রবর্তন করা হচ্ছে।উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘এবারের উৎসবকে আমরা আন্তর্জাতিক উৎসব হিসেবে দেখছি। কেননা উৎসবে ভারতের চারটি নাটক ও সুইজারল্যান্ডের একটি নাটক মঞ্চস্থ হচ্ছে। অনেক আগে থেকেই আমরা আবুল কাসেম দুলাল স্মৃতিপদক প্রদান করে আসছি। এবার কাজী জাকির হোসেনের নামে নতুন করে স্মৃতিপদক প্রবর্তন করছি। উৎসবের শেষ দিন দুটি পদকই আমরা প্রদান করব।’৩০ বছরে ঢাকা পদাতিক একাধিক জনপ্রিয় নাটক মঞ্চে এনেছে। বিষাদ-সিন্ধু, ইঙ্গিত, এই দেশে এই বেশে, ইন্সপেক্টর জেনারেল, আমিনা সুন্দরী প্রভৃতি নাটক জনপ্রিয় হয়েছে।