ঢাকা পৌঁছেছে মাইকেল লার্নস টু রক
বিশ্বখ্যাত ড্যানিশ ব্যান্ড মাইকেল লার্নস টু রক এখন ঢাকায়। ২২ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি কনসার্টে অংশ নিতে জনপ্রিয় এই ব্যান্ডটি আজ সকাল ৫টা তিরিশ মিনিটে ঢাকা এসে পৌঁছেছে। মাইকেল লার্নস টু রক এর এই সফরে ঢাকায় এসেছেন ব্যান্ডের মূল ৩ জনসহ মোট ৯ জন সদস্য। ড্যানিশ এ ব্যান্ডটির এটিই প্রথম বাংলাদেশ সফর।কনসার্টটির আয়োজন করেছে ক্রেইন্স লিমিটেড। ক্রেইন্স লিমিটেডের পরিচালক আবু সাঈদ জহির জানিয়েছেন, ‘এমন একটি আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত, যেখানে বাংলাদেশের সংগীতজগতের সঙ্গে আন্তর্জাতিক সংগীতের একটি সেতুবন্ধন তৈরি হবে। আশা করছি, ভবিষ্যতে বাংলাদেশের দর্শকদের আমরা আরও নতুন কিছু উপহার দিতে পারব।’ কনসার্টটির কো-পার্টনার ম্যাট্রিক্স, টিকেটিং পার্টনার বিকাশ, এয়ারওয়েজ পার্টনার কাতার এয়ারওয়েজ, রেডিও পার্টনার রেডিও টুডে ও টেলিভিশন পার্টনার চ্যানেল নাইন।’বাংলাদেশের সংগীতাঙ্গনে একটি নতুন মাত্রা যোগ হচ্ছে এই আয়োজনের মাধ্যমে। বাংলাদেশের একজন সংগীতপ্রতিভা এই বিখ্যাত ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার সুযোগ পাবেন। চ্যানেল নাইনে ‘সিং উইথ এমএলটিআর’ নামের একটি রিয়েলিটি শোর মাধ্যমে একজন সংগীতপ্রতিভা বাছাই করে তাঁকে এই ব্যান্ডের সঙ্গে গান গাওয়ার সুযোগ করে দেওয়া হবে।উল্লেখ্য, ড্যানিশ পপ সফট রক ব্যান্ড মাইকেল লার্নস টু রক যাত্রা শুরু করে ১৯৮৮ সালে। মূলত ইংরেজি গান গায় ব্যান্ডটি। সারা বিশ্বে এখন পর্যন্ত তাদের গানের অ্যালবাম রেকর্ড পরিমাণ বিক্রি করেছে ব্যান্ডটি, যার মধ্যে বেশির ভাগই বিক্রি হয়েছে এশিয়ায়। তাদের ‘টেক মি টু ইওর হার্ট’ গানটি ২০০৬ সালে ‘মোস্ট ডাউনলোডেড সিংগেল অব দি ইয়ার’ নির্বাচিত হয়েছে। এখন পর্যন্ত ব্যান্ডটির সাতটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এ বছরই তাদের নতুন অ্যালবাম ‘স্ক্যান্ডেনেভিয়া’ বাজারে আসবে।