ঢাকা ফ্যাশন সপ্তাহ
ফ্যাশনওয়াচ নামের একটি পাক্ষিকের প্রচ্ছদে রাবীন্দ্রিক সাজের এক বাঙালি নারীর আলোকচিত্র। প্রাসঙ্গিক প্রতিবেদনটির শিরোনাম ‘গল্পে-নভেলে-স্টাইলে রবীন্দ্রনাথ’। ঢাকা ফ্যাশন সপ্তাহের আওতায় এই প্রচ্ছদটি প্রদর্শিত হচ্ছে একটি ফ্যাশন আলোকচিত্র প্রদর্শনীতে। এতে বাঙালি সাজ ছাড়াও রয়েছে বেশ কিছু পাশ্চাত্য সাজের নারীর আলোকচিত্র। গুলশানের ইজোমি হোটেলের দ্বিতীয় তলায় হচ্ছে এই প্রদর্শনী।১৬ জুন থেকে এই ফ্যাশন সপ্তাহের আয়োজন করে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ঢাকা ফ্যাশন উইক।ফ্যাশন সপ্তাহে আলোকচিত্র প্রদর্শনী ছাড়াও হোটেল ওয়েস্টিনসহ বেশ কয়েকটি স্থানে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো, ফ্যাশন প্রদর্শনী, ফ্যাশনবিষয়ক গোলটেবিল আলোচনা ও কর্মশালা। এতে বাংলাদেশের ডিজাইনার ছাড়াও অংশ নেন ভারত, ফ্রান্স ও স্পেনের বেশ কয়েকজন ডিজাইনার। গতকাল বিকেলে হোটেল ওয়েস্টিনের ব্রোঞ্জ রুমে ছিল ফ্যাশন শো। তা ছাড়া গুলশানের র্যাফেল ডিজাইন ইনস্টিটিউটে ছিল ‘রিসাইকেলিং অ্যান্ড কাস্টমাইজেশন ইন ফ্যাশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। আজ ফ্যাশন উইকের শেষ দিন বেলা আড়াইটায় ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় ‘কন্টেম্পরারি ফ্যাশন সেন্স ইন ফ্রান্স: লেসনস ফর সাউথ এশিয়া’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন ফ্রান্সের ডিজাইনার এলোডি ওবের্লে। হোটেল ওয়েস্টিনের বলরুমে ফ্যাশন শো শুরু হবে সন্ধ্যা ছয়টায়।