ঢাকা বিভাগীয় গণসংগীত উৎসব সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধসহ নানা সময়ে বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে বাঙালিকে যেসব গান অনুপ্রেরণা জুগিয়েছে, তেমনি প্রায় দেড় শ গান পরিবেশিত হয় তিন দিনব্যাপী ঢাকা বিভাগীয় গণসংগীত উৎসবে। গতকাল বৃহস্পতিবার ছিল এর সমাপনী দিন। ‘ছিঁড়ে ফেলো দৃঢ় হাতে চক্রান্তের জাল’ স্লোগান নিয়ে ২৪ মে শুরু হওয়া এই উৎসবের আয়োজন করে গণসংগীত সমন্বয় পরিষদ। সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমী।গতকাল সন্ধ্যায় ‘হায় রে কিষান, তোদেরই শীর্ণ দেহ দেখে যে রে অশ্রু মানে না’ গানটি পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন আবিদা রহমান। এ ছাড়া সংগীত পরিবেশন করেন শেখ আলাউল, ফকীর সিরাজ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শিবু রায়, মনোরঞ্জন ঘোষাল প্রমুখ। দলীয় সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী, হালুয়াঘাটের কংশ সামাজিক সাংস্কৃতিক সংগঠন, টাঙ্গাইলে গণসংগীত সমন্বয় পরিষদ, মুক্তাগাছার অনুপ্রাস এবং জামালপুরের জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা।পরিবেশিত গানগুলো হচ্ছে: ‘সোনায় মোড়ানো বাংলা মোদের’, ‘বান এসেছে মরা গাঙে’, ‘অতীত গিয়াছে অতীতে মিলাইয়ে’, ‘বাংলার কমরেড বন্ধু’, ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’, ‘হিমালয় থেকে সুন্দরবন’, ‘মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ হ’, ‘লাঞ্ছিত নিপীড়িত মানুষের জয়’, ‘কৃষক শ্রমিক মেহনতি মজদুর’ প্রভৃতি।