ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃদুল চক্রবর্তী আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তী (৫৭) আর নেই। আজ সোমবার বেলা সোয়া ১১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সংগীত বিভাগের শিক্ষক মো. শোয়েব জানান, শ্বাসকষ্টের কারণে আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। আধা ঘণ্টা জরুরি বিভাগে চিকিত্সা করার পর তাঁকে নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে স্থানান্তর করা হয়। পরে ১১টা ২৯ মিনিটে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।অধ্যাপক মৃদুলের মরদেহ বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হয়। মৃত্যুর খবর শুনে হাসপাতাল এবং অপরাজেয় বাংলার পাদদেশে শেষবারের মতো দেখতে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ সংগীতজগতের অনেকেই।মৃদুল কান্তির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, রামেন্দু মজুমদার, সাদি মহম্মদ, তপন মাহমুদ, সজিদ আকবর, সালমা আকবর, রথীন্দ্রনাথ রায়, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, খায়রুল আনাম শাকিল, লীনা তাপসী খান প্রমুখ। মৃদুল কান্তির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকবৃন্দ, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ছায়ানট, উদীচী, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ, ফার্সি বিভাগ, শিক্ষক সমিতিসহ অনেকেই।মৃদুল কান্তি চক্রবর্তীর মরদেহ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের হিমাগারে রাখা হয়েছে। কাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে সুনামগঞ্জের নিজ বাড়িতে। মৃদুল কান্তি চক্রবর্তী ১৯৫৫ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে সর্বভারতীয় যুব উত্সব এবং ১৯৭৭ সালে লোকগীতিতে প্রথম স্থান লাভ করেন তিনি। ১৯৯৪ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তি নিকেতন থেকে সংগীত বিষয়ে গবেষণা ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।মৃদুল কান্তি চক্রবর্তী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা। গান নিয়ে তাঁর বেশ কয়েকটি প্রকাশনাও রয়েছে। উল্লেখ্য গ্রন্থগুলো হচ্ছে ‘হাসনরাজা—তাঁর গানের তরী’, ‘বাংলা গানের ধারা’, ‘গানের ঝরণা তলায়’, ‘লোকসংগীত’, ‘হাজার বছরের বাংলা গান’, ‘লোকসংগীত ও স্বরলিপি’, ‘দেশাত্মবোধক গান ও স্বরলিপি’।রবীন্দ্রনাথের লোক সুরের গান নিয়েও দীর্ঘদিন কাজ করে গেছেন মৃদুল কান্তি চক্রবর্তী।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।