ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র মিলনায়তনে গতকাল কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র মিলনায়তনে গতকাল কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

অতিথিরা উৎসবে আসবেন বলেই সাজানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র। মিলনায়তনের প্রবেশমুখে ঝুলছে যে নাটকগুলো মঞ্চস্থ হবে, সেগুলোর দৃশ্য থেকে নেওয়া স্থিরচিত্র। নাটক দেখতে হলে যেতে হবে সন্ধ্যা সাতটায়। ৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় একটি করে মঞ্চনাটক দেখা যাবে। সপ্তাহব্যাপী এই নাট্যোৎসবের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শুরু হয়েছে দশম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০১৫। উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম ও ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান।
আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের শেখানোর কেউ ছিল না, সেই দিক থেকে বলা যায় আমরা স্বশিক্ষিত নাট্যকর্মী। এখন নাট্যকলা, সংগীত বিভাগ খুলেছে। শুরুতে এসব বিভাগে শিক্ষার্থী পাওয়া যেত না। এখন প্রচুর শিক্ষার্থী আসছেন। সংস্কৃতির প্রতি সুতীব্র ভালোবাসা না থাকলে তাঁরা আসতেন না।’ তিনি আরও বলেন, ‘যেসব বিশ্ববিদ্যালয়ে এই বিভাগগুলো আছে, আমরা চাই সেসব জায়গায় এই ধরনের আরও উৎসব হোক। তরুণদের আসলে দাবিয়ে রাখা যায় না। কারণ, মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই তরুণেরা দেশ স্বাধীন করেছেন, এখনকার এই তরুণেরা তাঁদেরই উত্তরসূরি।’
আরেফিন সিদ্দিক বলেন, ‘আমরা ঢাবির সাংস্কৃতিক পরিবেশ উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে আরও গতিশীল করতে চাই। কেননা, শিক্ষা ও সংস্কৃতি একটি অন্যটির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। এই দুটোকে অবশ্যই একসঙ্গে থাকতে হবে।’

মাহ্ফুজ আনাম বলেন, ‘এই ছাত্র-শিক্ষক কেন্দ্র যখন স্থাপিত হয় তখন আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আজ অতিথি হয়ে এসেছি। সংস্কৃতি বিকাশের জন্য আমরা ছাত্রজীবন থেকে কাজ করে গেছি। এই গৌরব অব্যাহত রাখার জন্য এখনকার ছাত্রদেরও কাজ করে যেতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী।

 উদ্বোধনী নৃত্যের পর মঞ্চে শুরু হয় উৎসবের প্রথম নাটক দ্য বেন্ট। মার্টিন শেরম্যানের লেখা নাটকটির অনুবাদ ও নির্দেশনা দিয়েছেন শাহারুল ইসলাম। আজ থাকবে সাইমা ফারজানার নির্দেশনায় কালের যাপনরঙ্গ।