ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূকাভিনয় উৎসব

‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় ‘জাতীয় মূকাভিনয় উৎসব ২০১৬’। ১৩ মার্চ সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের তিন দিনব্যাপী বর্ণাঢ্য এই উৎসব উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। উদ্বোধনী বক্তৃতায় তিনি এই উৎসবের প্রশংসা করে বলেন, ‘কথা না বলেই কথা বলা’ এবং মানুষকে আনন্দ দেওয়া চাট্টিখানি কথা নয়। এই উৎসবের মাধ্যমে মূকাভিনয় দেশে নতুন মাত্রা যোগ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হোসাইন, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অসীম সরকার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের মডারেটর ফাদার তপন ডি রোজারিও এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সভাপতি জাহিদ রিপন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয় ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের মূক নাটক লাইট ভার্সেস ডার্কনেস। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মীর লোকমান।
১৫ মার্চ পর্যন্ত এই উৎসবে অংশ নিয়েছে ঢাকার মাইম আর্ট, বেঙ্গল থিয়েটার, জেন্টেলম্যান প্যান্টোমাইম, পরিবর্তন মাইম একাডেমি, বাংলাদেশ হুদামাইম ক্লাব, চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট, অনাদিকল্প, গাজীপুরের মুক্তমঞ্চ নির্বাক দল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রঙ্গন মাইম একাডেমি, নারায়ণগঞ্জের শ্রুতি কালচারাল সেন্টার, বাংলাদেশ মাইম থিয়েটারসহ দেশের জনপ্রিয় ১৫টি মূকাভিনয় দল। উৎসবে আরও ছিল বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মূকাভিনয়ের ওপর কর্মশালা, সেমিনার, প্রতিযোগিতা ও পোস্টার প্রদর্শনী।
উৎসবের দ্বিতীয় দিনে ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিনের অংশগ্রহণে আলোচনা পর্ব এবং ঢাকা ও ঢাকার বাইরের চারটি দলের মূকাভিনয় প্রদর্শনী।
প্রথমবারের মতো আয়োজিত জাতীয় উৎসবটি প্রতিবছর আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের পরিচালক মীর লোকমান।