ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘হোমকামিং’ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো নোবেল লরিয়েট ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের একটি নাটক নিয়ে ছয় দিনের নাট্যোত্সব। নাটকটির নাম হোমকামিং। অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম এবং নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের প্রভাষক জিয়াউল হক তিতাস।গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে এ উত্সব শুরু হয়েছে।স্নাতকোত্তর বিভাগের বিষয়—প্রাশ্চাত্য অভিনয়পদ্ধতি ও প্রযোজনা প্রয়োগ হিসেবে নাটকটি ছাত্র-ছাত্রীরা মঞ্চে এনেছেন। ১১ জানুয়ারি পর্যন্ত নাটমণ্ডলে এ উত্সব চলবে। গতকাল সন্ধ্যায় নাট্য আয়োজনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।স্নাতকোত্তর বিভাগের শেষ বর্ষের ছাত্র ও নাটকটির শিল্পী রাব্বী ইবনে সিদ্দিকী জানান, চূড়ান্ত পর্বের প্রযোজনা হিসেবে নাটকটি নিয়ে গত ১ ডিসেম্বর থেকে টানা এক মাস কাজ হয়েছে। নাটকটির টানা মঞ্চায়ন প্রসঙ্গে তিনি বলেন, নাট্যকলা বিভাগের সিদ্ধান্তেই টানা ছয় দিনের জন্য নাটকটির প্রদর্শনী হচ্ছে। একটানা প্রদর্শন করলে প্রযোজনাটি একসময় ভালো অবস্থায় গিয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, বিভাগে আগে এভাবে বিষয়ভিত্তিক প্রযোজনা করা হলেও এক দিনেই প্রদর্শন করে শেষ করা হতো। কিন্তু এখন সব বর্ষের ক্ষেত্রেই বিভাগের প্রযোজনাগুলো টানা মঞ্চায়ন করা হয়।নাটকটির কাহিনি উঠে এসেছে ৭০ বছরের এক বৃদ্ধ, তিন পুত্র, এক পুত্রবধূ ও বৃদ্ধের ভাইকে ঘিরে। একটি পরিবার তথা পারিবারিক সম্পর্ক উপস্থাপিত হয় হোমকামিং নাটকে। এ নাটকে পরিবার যেন পৌনপুনিকভাবে গঠনশীল ক্ষমতা ও সম্ভোগের এক বলয়। নারী-পুরুষের যৌনতাকেন্দ্রিক দাম্পত্য সম্পর্কের কেন্দ্রে স্থিত পরিবারব্যবস্থায় ভীতি ও কৌতুকের মিশ্রণে লক্ষণীয় হয়ে ওঠে সমকামী, উভগামী ও বহুগামী স্বতন্ত্রবাদী ব্যক্তিসত্তা। শেষ পর্যন্ত যৌনতার পরিপ্রেক্ষিতে ক্ষুদ্রবর্গের ব্যক্তিক রাজনীতি ও বাণিজ্যিক স্বার্থসংশ্লিষ্টতায় পরিবারসংক্রান্ত খ্রিষ্টীয় এবং আধুনিকতাবাদী নৈতিকতা ও মূল্যবোধ এ নাটকে উল্টে যায়। আর এভাবেই হোমকামিং নাটকে পরিবারভিত্তিক পিন্টারীয় বাস্তবতার ঘটে অন্যমাত্রিক উন্মোচন।নাটকটিতে অভিনয় করেছেন রাজীব চন্দ্র দাস, শাহামান মৈশান, রাব্বী ইবনে সিদ্দিকী, আবদুল কাইয়ুম ভূঁইয়া, বেলায়েত হোসেন, এনামুল হক টুটুল, শারমীন আক্তার লিমা, মাহফুজা খান আশা ও নুসরাত জাহান কেয়া।