ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক নাট্যোৎসব
আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পঞ্চম বার্ষিক নাট্যোৎসব’। আট দিনের এই উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। এ বিভাগসহ উৎসবে আরও অংশ নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগ। উৎসবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের প্রযোজনা মঞ্চস্থ করবে। আয়োজকদের মতে, এবারের উৎসবটি আন্তবিশ্ববিদ্যালয় নাট্যোৎসবে রূপ পাচ্ছে। উৎসবে আজ থেকে ৬ নভেম্বর ওয়াহিদা মল্লিকের নির্দেশনায় মঞ্চস্থ হবে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের নাটক ভাস রচিত মধ্যমব্যায়গ। এ ছাড়া একই বিভাগের অপর আরেকটি প্রযোজনা বের্টল্ড ব্রেখটের দ্য মেজার্স টেকেন মঞ্চস্থ হবে ৭, ৮ ও ৯ নভেম্বর। নাটকটির নির্দেশনা দিয়েছেন ইস্রাফিল শাহিন।১০ নভেম্বর জিয়া হায়দারের রচনা এবং মনোজ কুমার প্রামাণিকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগীত ও নাট্যকলা বিভাগ মঞ্চস্থ করবে নাটক এলেবেলে। উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক। অভিজিৎ সেনের উপন্যাস রহু চণ্ডালের হাড় অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।নাটক মঞ্চস্থ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায়।