ঢাকা মাতালেন মোনালি ও যোগিন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাটেক্সপো-২০১০ উপলক্ষে বাংলাদেশে এসেছেন মুম্বাইয়ের সংগীতশিল্পী মোনালি ঠাকুর ও যোগিন্দর। গতকাল বৃহস্পতিবার ছিল অনুষ্ঠানের প্রথম দিন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গুণী এই দুই শিল্পী এক এক করে আটটি গান পরিবেশন করেন। নাচে অংশ নেন ভারতের আইটেম গার্ল হিসেবে পরিচিত কাশ্মিরা শাহ ও কৃষ্ণা। এ ছাড়া মঞ্চ মাতিয়েছেন স্টার পরিবারের জুটি আমির-সানজিদা, মনি-গৌরব ও শ্বেতা তিওয়ারি-অভিষেক। রিয়েলিটি ড্যান্স শোর মাধ্যমে তাঁরা ইতিমধ্যে দেশটিতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় কিছুটা দেরিতে। শ্বেতা তিওয়ারির ঘোষণার মধ্য দিয়ে প্রথমেই মঞ্চে আসেন মোনালি ঠাকুর। তিনি একে একে গেয়ে শোনান জেরা নাচকে দেখা, হে জুনুন, ওমেরি সোনিয়ে এবং গোলমাল ছবির গান। এর পরই মঞ্চে আসেন যোগিন্দর। উপস্থিত দর্শকদের তিনি প্রথমেই গ্যাংস্টার ছবির ইয়া আলী গানটি গেয়ে শোনান। তারপর কয়েকটি বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের গান গেয়ে শোনান। গানের ফাঁকে বাংলাদেশ সম্পর্কে নিজেদের ভালো লাগার কথাও ব্যক্ত করেন তাঁরা।দুই দিনব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফ্যাশন শো। বাংলাদেশি মডেলদের পরিবেশনায় একটি জমকালো ফ্যাশন শো উপভোগ করেন দর্শকেরা। বিজিএমইএ ফ্যাশন ইনস্টিটিউটের ডিজাইন করা পোশাক পরেন এই মডেলরা।অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ হিসেবে ছিল অ্যাক্রোবেটিক শো। রাশিয়ান ১০ জন অ্যাক্রোব্যাট মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শ্বেতা তিওয়ারি।অনুষ্ঠান শেষে আগামীকাল বিকেল তিনটায় ঢাকা ছাড়বেন মোনালি ও যোগিন্দর।