ঢাকা মাতালো মাইকের লার্নস টু রক
ঢাকায় গান করল বিশ্বখ্যাত ডেনিস রক ব্যান্ড মাইকের লার্নস টু রক। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো বাংলাদেশে গান করল আশির দশকের জনপ্রিয় এই রক ব্যান্ড।নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর মঞ্চে আসে মাইকের লার্নস টু রক। রক-ঘরানার ‘রেনোভেট মাই লাইফ’ গান দিয়ে ব্যান্ডটি তাদের পরিবেশনা শুরু করে। এরপর তাদের পুরোনো ও নতুন অ্যালবাম থেকে ‘ও মাই স্লিপিং চাইল্ড’, ‘লাভ উইল নেভার লাই’, ‘নেকড লাইক মুন’, ‘আই অ্যাম গনা লাভ ইউ টিল দি অ্যান্ড’ স্ক্যান্ডেনেভিয়ান জনপ্রিয় এই গানগুলো মঞ্চে পরিবেশন করে।‘ক্লাস এইটে থাকার সময় প্রথম ব্যান্ডটির “সামডে সামওয়ে” গানটি শুনেই ভক্ত হয়ে যাই। আর এখন একদম সামনে থেকেই ব্যান্ডটির বিখ্যাত সব গানের পরিবেশনা দেখতে পাচ্ছি।’ কথাগুলো দারুণ উচ্ছ্বাস নিয়ে বলছিলেন গান শুনতে আসা রাজীব নামের এক ভক্ত। প্রতিটি গানের সঙ্গে শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করছিল তাঁদের জনপ্রিয়তা।হঠাৎ করেই এরপর ব্র্যান্ডটির লিড ভোকাল ইয়াশা রিকটা ‘সামডে সামওয়ে’ গানটি গেয়ে কনসার্টটির ইতি টানেন। মজার ব্যাপার হলো, দর্শকেরা যখন মিলনায়তন থেকে চলে যাচ্ছেন, তখনই আবার মঞ্চে আসেন মাইকের লার্নস টু রক। সবাই অবাক হয়ে ফিরে দাঁড়ান। এরপর ‘পেইন্ট মাই লাভ’ ও ‘দ্যাটস ওয়াই ইউ গো’ গান দুটি গেয়ে কনসার্ট শেষ করেন তাঁরা।