ঢাকা মেডিকেলে ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সি
ন্যান্সি

মাত্রাতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়া জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন ন্যান্সি। সেখান থেকে গতকাল শনিবার রাতে তাঁকে নিয়ে ঢাকায় উদ্দেশে রওনা দেওয়া হয়।
ন্যান্সির ভাই জনি আজ সকালে প্রথম আলোর কাছে দাবি করেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সন্তোষজনক চিকিত্সাসেবা না পাওয়ায় তাঁর বোনকে ঢাকায় আনা হয়েছে। সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনার একটি ক্লিনিক থেকে গতকাল সন্ধ্যায় ন্যান্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিত্সক। এরপর রাত সাড়ে আটটায় নেত্রকোনার ওই ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে ন্যান্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ন্যান্সি চিকিত্সকদের জানিয়েছেন, গতকাল বেলা একটা থেকে দেড়টার মধ্যে দুই দফায় মোট ৬০টি ঘুমের ট্যাবলেট খেয়েছেন তিনি। প্রথম দফায় ৪০টি ও দ্বিতীয় দফায় ২০টি ট্যাবলেট খান তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সা কর্মকর্তা জাকির হোসেন গতকাল বলেন, ট্যাবলেট খাওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় বিষক্রিয়া রক্তের সঙ্গে মিশে গেছে। কাজেই পাকস্থলী ‘ওয়াশ’ করা সম্ভব নয়।