আজ থেকে বাংলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঢাকা লিট ফেস্ট। বেলা ১১টায় একাডেমিতে এই উৎসবের উদ্বোধন করবেন নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান শোনাবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সঙ্গে থাকবে সুরের ধারা।
উদ্বোধনী অনুষ্ঠান হবে উৎসবের মূল মঞ্চ আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। মূল মঞ্চসহ একাডেমিজুড়ে মোট সাতটি জায়গায় উৎসবের বিভিন্ন আয়োজন থাকবে। এসব আয়োজনের মধ্যে রয়েছে শিল্প, সাহিত্য, রাজনীতি, ইতিহাস নিয়ে আলোচনা, কবিতা পাঠ, গল্প বলার আসর, সংগীত ও নৃত্যানুষ্ঠান, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী।
ঢাকা লিট ফেস্ট আয়োজিত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায়। এটির টাইটেল স্পনসর ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন ও প্ল্যাটিনাম স্পনসর ব্র্যাক।
এটি এ উৎসবের ষষ্ঠ আসর। প্রথম চারটি উৎসব ‘হে ফেস্টিভ্যাল’ হিসেবে পরিচিত ছিল।