ঢাকা শহর দেখানোর ছুতোয়...
দুই ভাইয়ের মধ্যে বয়সে অনেক ব্যবধান থাকলেও দুজনের সম্পর্কটা বেশ বন্ধুভাবাপন্ন। যেমন—বাপ্পার সঙ্গে বাবা নায়করাজ রাজ্জাকের কিছুটা দূরত্ব রয়েছে। বাবা ও বাপ্পার মধ্যে সংযোগকারী সেতু হিসেবে কাজ করেন ছোট ভাই সম্রাট। আর এই সম্রাটকে ছোটবেলা থেকে কোলেপিঠে করে বড় তুলেছেন বাপ্পা। ‘আমি আমার সন্তানকে যেমন ভালোবাসি, সম্রাটকেও একই রকম ভালোবাসি। ওর যদি কখনো মন খারাপ দেখি, তাহলে আমার নিজেরও মনটা খারাপ হয়ে যায়। ওকে হাসিখুশি দেখলে খুবই ভালো লাগে।’ বলছিলেন বাপ্পারাজ।দুই ভাইয়ের অনেক ঈদের স্মৃতি আছে। ঈদের দিন বাপ্পা বাসার সবাইকে বলতেন, সম্রাটকে নিয়ে বাইরে ঘুরতে যাবেন। কিন্তু বাড়ি থেকে নিষেধাজ্ঞা। সম্রাটকে ঢাকা শহর দেখানোর ছুতোয় শেষ পর্যন্ত অনুমতি মিলত। বাপ্পা সম্রাটকে গাড়িতে বসিয়ে বেরিয়ে পড়তেন। সম্রাট যেহেতু ছোট, তাই সে কিছুই বুঝত না। পথে গাড়িতে তুলে নিতেন বাপ্পা তাঁর বান্ধবীকে। বিভিন্ন স্থান ঘুরে একসময় বান্ধবীকে নামিয়ে দিয়ে বাপ্পা আবার বাসায় চলে আসতেন। ‘বাবা প্রশ্ন করতেন, কী রে বাপ্পা, সারা দিন কোথায় ছিলি? আমি সম্রাটকে দেখিয়ে বলতাম, ও যে খালি বাইরে বাইরে ঘুরতে চায়। ওকে নিয়েই তো সারাটা দিন ঘুরলাম। এভাবেই বাবার বকুনির হাত থেকে রক্ষা পেতাম।’ বলছিলেন বাপ্পা।এবার বললেন সম্রাট। ‘মনে আছে, একবার ঈদের দিন দুই ভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। গুলশান মোড়ে এসে রাস্তার এক পাশে গাড়ি থামিয়েছেন বড় ভাই। হঠাৎ দেখি, পেছন থেকে একটা গাড়ি এসে আমাদের গাড়ি ধাক্কাচ্ছে। দুবার ধাক্কা দেওয়ার পর আমরা গাড়ি থেকে নামলাম। দেখি, এক বিদেশি যুবক। বেশ রগচটা। আমরা জানতে চাইলাম, গাড়িতে ধাক্কা মারছেন কেন? তিনি গালমন্দ শুরু করলেন। একপর্যায়ে আমাদের সঙ্গে লেগে গেল তার। এরপর যা হওয়ার তা-ই হলো। তাঁর সঙ্গে মারামারি হলো আমাদের দুই ভাইয়ের। দুপুর পর্যন্ত চলল এই নাটক। পরে মানুষজন এসে ছাড়িয়ে দিল দুই পক্ষকেই। তবে বাসায় এ কথা আমরা কেউই বলিনি। কারণ বাবা শুনলে দুই ভাইকেই পেটাবেন।’সারা বছরের কেনাকাটা করেন বাপ্পা। তাই শুধু ঈদ এলেই কেনাকাটা করতে হবে, এ তত্ত্বে বিশ্বাসী নন তিনি। ঈদে যদি কেউ কিছু দেয়, তবে সেটাও গ্রহণ করেন না। কিন্তু একবার সম্রাট একটি পাঞ্জাবি কিনে দিলেন তাঁর বড় ভাইকে। বাপ্পা এবার আর না করতে পারেননি। ‘কীভাবে না করব, বলুন। ওকে যে আমি অনেক ভালোবাসি। ওর উপহারটা নিয়েছি এবং সেটি ব্যবহার করেছি।’ বলছিলেন বাপ্পা।সম্রাট জানালেন, ছোট থেকেই খেলনার প্রতি তাঁর ভীষণ আগ্রহ ছিল। তাই বড় ভাইয়ের কাছে এসবের আবদার করতেন তিনি। ‘বড় ভাই ঈদ এলে খেলনা কিনে দিতেন। এসব নিয়েই আমার দিনগুলো কেটে যেত আনন্দ আর হাসিতে।‘ভাইবোনের মেলায়’ নির্বাচিত ১০ তারকা ভাইবোনের স্মৃতিচারণা শুনে লেখাগুলো তৈরি করেছেন কামরুজ্জামান, রুহিনা তাসকিন, পার্থ সরকার ও বাদল খান