ঢাকাই ছবিতে কোয়েল মল্লিক
এর আগে ঢাকার আরও কয়েকটি ছবিতে অভিনয় করার কথা ছিল কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের। কিন্তু এখনো পর্যন্ত সেগুলোর কোনোটিরই শুটিং শুরু হয়নি। এরই মধ্যে দিন দশেক আগে ঢাকার একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে চূড়ান্তভাবে কথাবার্তা হয়েছে কোয়েলের। বিপরীতে থাকবেন আরেফিন শুভ। ছবির নাম ওয়ারিশ। পরিচালনা করবেন সালাহউদ্দিন লাভলু। ছবিটি প্রযোজনা করবে চ্যানেল আই। ছবিতে অনেকের সঙ্গে আরও অভিনয় করবেন তাঁর বাবা বাংলা ছবির আরেক প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক। ছবিতেও তাঁদের সত্যিকারের বাবা-মেয়ে হিসেবেই দেখানো হবে বলে জানান পরিচালক লাভলু। ছবিটিতে কোয়েল মল্লিকের চরিত্রের নাম সুখ। আর বাবা রঞ্জিত মল্লিককে দেখানো হবে একজন কারা-পরিদর্শক হিসেবে।কোয়েল মল্লিককে ছবিতে অভিনয় করানোর ব্যাপারে এ মাসের ১০ তারিখ কলকাতায় যান সালাহউদ্দিন লাভলু এবং চ্যানেল আইয়ের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান। সবকিছু চূড়ান্ত করে গত ১৭ ফেব্রুয়ারি দেশে ফেরেন তাঁরা। পরিচালক আরও জানান, যেহেতু ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে, তাই এর জন্য এমন একজন নায়িকা খুঁজছিলাম যাঁকে দিয়ে সুখ চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব। সবকিছু বিবেচনা করে কোয়েল মল্লিককেই চরিত্রটির জন্য মানানসই মনে হয়েছে। জানা গেছে, ওয়ারিশ ছবির শুটিংয়ের জন্য আগস্ট মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসবেন বাবা-মেয়ে দুজনেই।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাসের শুরুর দিকে ছবির কাজ শুরু করবেন পরিচালক। ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে।আরেফিন শুভ, কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিক ছাড়া ‘ওয়ারিশ’ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন সৈয়দ হাসান ইমাম, তারিক আনাম খান, রাইসুল ইসলাম আসাদ, কেরামত মাওলা, দীপঙ্কর দে প্রমুখ। উল্লেখ্য, সালাহউদ্দিন লাভলু এর আগে ‘মোল্লাবাড়ির বউ’ ছবিটি বানিয়ে সাফল্য পেয়েছিলেন। এবার লাভলু নির্মাণ করবেন ‘ওয়ারিশ’।