ঢাকাই ছবিতে রাহুল বোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল বোস
রাহুল বোস

ঢাকার ছবিতে অভিনয় করতে আসছেন ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’, ‘ইংলিশ’, ‘অন্তহীন’, ‘কালপুরুষ’, ‘পেয়ার কি সাইড ইফেক্টস’—এমন সব জনপ্রিয় ছবির অভিনয়শিল্পী রাহুল বোস। সবকিছু ঠিকঠাক থাকলে ২৫ আগস্ট তিনি ঢাকায় আসবেন। রাহুল বোস অভিনয় করবেন ‘মেহেরজান’খ্যাত নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে।

ছবিটির পরিচালক রুবাইয়াত প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে একজন সাধারণ মানুষের আধুনিক জীবনযাপনের নানা পর্যায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছবির চরিত্রের প্রয়োজনেই রাহুল বোসকে নির্বাচন করা হয়েছে।

রুবাইয়াত আরও বলেন, ‘রাহুল আমার খুব ভালো বন্ধু। “মেহেরজান” ছবির কাজ করার আগেই রাহুলের সঙ্গে আমার আলাপ হয়। “আন্ডার কনস্ট্রাকশন” ছবির গল্পটি শোনার পর রাহুল বেশ পছন্দ করে।’

ঢাকায় রাহুল বোস সর্বশেষ এসেছিলেন এ বছরের ফেব্রুয়ারিতে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য তিনি ঢাকায় আসেন। প্রতিবছর দেশে-বিদেশে কয়েকটি স্কুল-কলেজে বক্তব্য দেন তিনি। তারই অংশ হিসেবে রাহুল বোস ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে ঢাকায় এসেছিলেন।

‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে অভিনয়ের জন্য রাহুল বোস দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকায় থাকবেন। ছবিটিতে আরও অভিনয় করবেন বলিউডের শাহানা গোস্বামী এবং বাংলাদেশের শাহাদাত।