ঢাকাই ছবির আইটেম গানে নীতি মোহন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ আর রহমানের সুরে যব তক হ্যায় জান ছবির ‘জিয়া রে’ গানটি সম্প্রতি বেশ জনপ্রিয়তা পেয়েছে। গানটির কণ্ঠশিল্পী নীতি মোহন। এবার তিনি ঢাকার একটি ছবির আইটেম গানে কণ্ঠ দিয়েছেন। গানটিতে তাঁর সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের অদিত। এই ছবির তিনটি গানের সুরকার এবং সংগীত পরিচালক তিনি। ছবির নাম অগ্নি। পরিচালক ইফতেখার চৌধুরী।
এক ভিডিও বার্তার মাধ্যমে প্রথম আলোকে নীতি মোহন বলেন, ‘বাংলাদেশের ছবির গানে এবারই প্রথম কণ্ঠ দিয়েছি। এটা আমার জন্য অনেক আনন্দের। বাংলাদেশের ছবিতে আরও গান গাইতে চাই।’
অদিত বলেন, ‘বাংলায় অভ্যস্ত না হলেও নীতি কিন্তু গানটি চমৎকার গেয়েছেন। নীতি বাংলা জানেন না—গানটি শোনার পর তা কেউ বুঝতে পারবেন না। আর গানটিতে নীতি কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ে।’
অগ্নি ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবিতে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহি।