ঢাকাই ছবির নতুন জুটি মিলন-মম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রেম করব তোমার সাথে’ ছবির দৃশ্যে মম ও মিলন
‘প্রেম করব তোমার সাথে’ ছবির দৃশ্যে মম ও মিলন

হাতেগোনা কয়েকটি টিভি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম। এবার তাঁরা দুজন একসঙ্গে একই ছবিতে অভিনয় করছেন। ‘প্রেম করব তোমার সাথে’ নামের ছবিটি পরিচালনা করছেন রকিবুল আলম। ২০১৩ সালের শেষদিকে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন মিলন ও মম।

সম্প্রতি ঢাকার অদূরে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরতের পর মিলন ছবিটির শুটিংয়ে অংশ নিলেও গতকাল রোববার থেকে এর শুটিং শুরু করেছেন মম। ‘প্রেম করব তোমার সাথে’ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন জায়েদ খান, ববিতা প্রমুখ।

মম প্রসঙ্গে মিলন বলেন, ‘চলচ্চিত্রের জন্য মম মানানসই অভিনয়শিল্পী। দেরিতে হলেও আবার তিনি নতুন ছবিতে কাজ করছেন। এটা খুবই ইতিবাচক। আশা করি, মম অনেক চ্যালেঞ্জ নিয়েই এখন চলচ্চিত্রে নিয়মিত হবেন।’

এদিকে মম বলেন, ‘প্রথম ছবিতে অভিনয়ের পর চলচ্চিত্র জগত্ থেকে আমি সাত বছর দূরে সরে ছিলাম। এই সাত বছর ছিল আমার প্রস্তুতির সময়। বড় ক্যানভাসে কাজ করতে হলে যে ধরনের প্রস্তুতি ও মানসিক শক্তির দরকার এরই মধ্যে তা আমি অর্জন করতে পেরেছি বলে মনে হয়। প্রথম ছবিতে কাজ করে আমি যে সাফল্য লাভ করেছিলাম, তার ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ‘ঐতিহ্যবাহী বাংলা নাট্যের অভিনয়শৈলী’ বিষয়ের ওপর এমফিল করছেন মম। পাশাপাশি ব্যস্ত আছেন নাটকের অভিনয় নিয়েও।
২০০৭ সালে তৌকির আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয়ের জন্য মম সেরা অভিনয়শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। দীর্ঘ সময় পর এবার রোমান্টিক ও অ্যাকশননির্ভর ‘প্রেম করব তোমার সাথে’ ছবিতে অভিনয় করছেন তিনি।