ঢাকাই ছবির পাশাপাশি ঈদ বোনাস হলিউডের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাই নেইম ইজ খান ছবিতে অপু বিশ্বাস ও শাকিব খান
মাই নেইম ইজ খান ছবিতে অপু বিশ্বাস ও শাকিব খান

ঈদ সামনে রেখে দেশের সিনেমাপ্রেমী দর্শকদের কথা ভেবে বরাবরই নতুন ও ভিন্নধর্মী ছবি মুক্তি পায়। এসব ছবিতে যেমন থাকেন দেশের জনপ্রিয় নায়ক-নায়িকারা, তেমনি এসব ছবির বাজেট নিয়েও খানিকটা উদারতা দেখান প্রযোজকেরা। মুখিয়ে থাকেন এ দেশের প্রেক্ষাগৃহ মালিকেরাও। কারণ এ সময়েই যে সবচেয়ে বেশি হলমুখো হন দর্শকেরা। দেশি ছবির পাশাপাশি এবারের ঈদে মুক্তি পাচ্ছে হলিউডের কিছু জনপ্রিয় ও ব্যবসাসফল ছবিও। ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে এবারের ঈদকে টার্গেট করে মুক্তি দেওয়া হচ্ছে তিনটি চলচ্চিত্র। আর হলিউডের তিনটি ব্যবসাসফল ছবি শুধু মুক্তি দেওয়া হবে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।এবারের ঈদে ঢালিউড ও হলিউড মিলিয়ে মোট ছয়টি ছবি মুক্তি পাচ্ছে। ঢালিউডের ছবিগুলোর মধ্যে রয়েছে পি এ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’, বদিউল আলম খোকনের ‘মাই নেম ইজ খান’ এবং এম এ জলিল অনন্ত পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’।

নিঃস্বার্থ ভালোবাসা ছবিতে বর্ষা ও অনন্ত
নিঃস্বার্থ ভালোবাসা ছবিতে বর্ষা ও অনন্ত


আর হলিউডের ছবিগুলোর মধ্যে রয়েছে জেমস ম্যাগোল্ড পরিচালিত ‘উলভারিন’, ম্যাক্স ব্রুকসের লেখা উপন্যাস অবলম্বনে মার্ক ফর্স্টারের ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ও জাস্টিন লিন পরিচালিত ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ৬’ ও জেমস ম্যাগোল্ড পরিচালিত এবং হিউ জ্যাকম্যান অভিনীত বহুল আলোচিত ছবি ‘উলভারিন’।

 ঢালিউডের তিনটি ছবির মধ্যে দুটি ছবিরই নায়ক শাকিব খান। ‘মাই নেম ইজ খান’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন অপু বিশ্বাস আর ‘ভালোবাসা আজকাল’ ছবিতে নবাগত মাহি। এম এ জলিল অনন্ত পরিচালিত ও অভিনীত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন বর্ষা। আর তিনটি ছবিতেই খলনায়ক হিসেবে অভিনয় করেছেন মিশা সওদাগর।

ভালোবাসা আজকাল ছবিতে শাকিব খান ও মাহি
ভালোবাসা আজকাল ছবিতে শাকিব খান ও মাহি


এর আগে বেশ কয়েকটি ঈদে কয়েকটি করে ছবি মুক্তি পেয়েছিল অপুর। তবে এবার একটি মাত্র ছবি মুক্তি পেলেও তা নিয়ে বেশি আশাবাদী তিনি। অপু বললেন, ‘এ বছর বড় পর্দায় আমার “মাই নেম ইজ খান” ছবিটিই শুধু মুক্তি পাচ্ছে। বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিতে আমি শাকিব খানের সঙ্গে অভিনয় করেছি। বাংলাদেশের অনেক ছবিরই এখন দেশের বাইরে শুটিং হচ্ছে। এতে করে লোকেশনের বৈচিত্র্য আসে। দর্শকেরাও নতুন নতুন জায়গার সঙ্গে পরিচিত হতে পারেন। “মাই নেম ইজ খান” ছবির অনেক কাজ হয়েছে দেশের বাইরে। এ লোকেশনগুলোও কিন্তু চমত্কার।’ সর্বশেষ খবর অনুযায়ী, “মাই নেম ইজ খান” ছবি ৮০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 
এবারের ঈদেই প্রথম কোনো ছবি মুক্তি পাচ্ছে নবাগত মাহির। মাহি তাই বেশ উচ্ছ্বসিত। বললেন, ‘এবারই প্রথম আমার অভিনীত ছবি ঈদে মুক্তি পাচ্ছে। খুব ভালো লাগছে। ছবিটির মুক্তি এবার আমার ঈদের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দেবে।’ পি এ কাজল জানান, সারা দেশের প্রায় ৭০টিরও বেশি প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি দেওয়া হবে।

এবারের ঈদে অ্যাকশন রোমান্টিক ছবি ‘নিঃস্বার্থ ভালোবাসা’ মুক্তির মধ্য দিয়ে অনন্তের চলচ্চিত্র ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হবে। পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করবেন তিনি। একই সঙ্গে অনন্ত-বর্ষা জুটি ছবিটিতে অভিনয়ও করেছেন। অন্যদিকে এই ছবিতে কাজ করেছেন আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীরা। ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক মানের কারিগরি। সব মিলিয়ে ছবিটি নিয়ে অনন্ত খুবই আশাবাদী।

অনন্ত বলেন, ‘আমি সব সময় দর্শকদের কথা চিন্তা করে ছবি তৈরি করতে চাই। তাই প্রতিটি ছবির ক্ষেত্রে আমার বিশেষ নজরদারি থাকে। গত বছর ঈদে “মোস্ট ওয়েলকাম” ছবিটি মুক্তি পেয়েছিল। ব্যবসাসফলও হয়েছে। এবারের ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। কারণ, ছবিটিতে আন্তর্জাতিক কারিগরি পরিপূর্ণভাবে ব্যবহার করা হয়েছে এবং ছবিটিতে থ্রিডি অ্যানিমেশনে টাইটেল গান করা হয়েছে। আমার মনে হয়, বাংলাদেশের দর্শকেরা এই প্রথম অন্য ধরনের বাংলা অ্যাকশন ছবি দেখবেন।’ প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবিটি ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

Cineplex
Cineplex


এদিকে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাওয়া ‘উলভারিন’ ছবিটি গত ২৫ জুলাই অস্ট্রেলিয়ায় এবং ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। মুক্তির দুই সপ্তাহ পর ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হিউ জ্যাকম্যান অভিনীত বহুল আলোচিত ছবিটি। ১০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করে পাঁচ কোটি ডলারের বেশি। ২ আগস্ট পর্যন্ত ‘উলভারিন’ ছবিটি আয় করেছে সাড়ে নয় কোটি ডলার। ২০০০ সালে ব্রায়ান সিঙ্গারের ‘এক্স-মেন’ ছবিতে ‘উলভারিন’ চরিত্রে অভিনয়ের সুযোগ পান হিউ জ্যাকম্যান। এই ছবির মাধ্যমে নতুন জ্যাকম্যানের জন্ম হয়। 

Fast-Furious-6-2013-HD-Wallpaper
Fast-Furious-6-2013-HD-Wallpaper

১৯ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত মার্ক ফর্স্টারের ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ছবিটি এরই মধ্যে আয় করেছে ৪৭ কোটি মার্কিন ডলারের বেশি। গত ২ জুন ৩৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ছবিটির প্রিমিয়ার হয়, আর ২১ জুন মুক্তি পায় যুক্তরাষ্ট্রে। টুডি, রিয়েল থ্রিডি ও আইম্যাক্স থ্রিডি—তিন প্রযুক্তিতেই মুক্তি দেয়া হয়েছে ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ছবিটি। অভিনেতা ব্র্যাড পিটের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান প্ল্যান বি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’। একবার গোল্ডেন গ্লোব পুরস্কার জেতা এবং পাঁচবার গোল্ডেন গ্লোব ও অস্কারের জন্য মনোনীত এ তারকার ছবিটি ঘিরেও রয়েছে দর্শকদের বিপুল উত্সাহ।

আর জাস্টিন লিন পরিচালিত অন্য ছবিটি হচ্ছে ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ৬’। গত ২৪ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ছবিটি শুরুতেই বাজিমাত করেছে। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছে ১২ কোটি ডলার। সিরিজের প্রথম চলচ্চিত্র ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ মুক্তি পায় ২০০১ সালে। ১৫ কোটি ডলার আয় করার ঠিক দুই বছর পর ২০০৩ সালে মুক্তি পাওয়া এই সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র ‘টু ফাস্ট টু ফিউরিয়াস’ আয় করে সাড়ে ১২ কোটি ডলারের বেশি।